২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সংকট নিরসনে চট্টগ্রামে ৪টি গভীর নলকূপ স্থাপন

রোজায় নগরীর পানি সংকট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। ইতোমধ্যে চারটি গভীর নলকূপ বসানো হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে পুরনো পাঁচটি নলকূপের ক্ষমতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজায় নগরীর পানি সংকট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। ইতোমধ্যে চারটি গভীর নলকূপ বসানো হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে পুরনো পাঁচটি নলকূপের ক্ষমতা। ওয়াসা বলেছে, উৎপাদন ক্ষমতা বাড়ায় নগরীতে প্রতিদিন পানি সরবরাহের পরিমাণ ১ কোটি লিটার বাড়বে। এরপরও প্রতিদিন নগরীতে পানির ঘাটতি থাকবে ৩৬ কোটি লিটার। চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত ১ কোটি লিটার পানি নগরীর প্রতিদিনের চাহিদার বিপরীতে খুবই কম। তবে এতে রমজান মাসে মুসল্লিদের পানি সংকট কিছুটা হলেও লাঘব হবে।" চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, প্রতিদিন চট্টগ্রাম মহানগরীতে ৫৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ১৮ কোটি লিটার। চারটি নতুন নলকূপ ও পুরনো ৫ টির ক্ষমতা বাড়ানোর ফলে পানি সরবরাহের পরিমাণ দৈনিক বেড়ে দাাঁড়াবে ১৯ কোটি লিটারে। নতুন চারটিসহ ওয়াসার গভীর নলকূপের সংখ্যা ৭৮ টিতে দাঁড়িয়েছে। নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকা, আইস ফ্যাক্টরি এলাকায়, মোহরা এবং ওয়াসার হেড কোয়োর্টাারে নতুন চারটি নলকূপ বসানো হয়েছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো জানান, নতুন চারটি নলকূপ দিয়ে প্রতিদিন গড়ে ৬৫ লাখ লিটার পানি পাওয়া যাচ্ছে। পুরনো পাঁচটি থেকে বাকি ৩৫ লাখ লিটার পানি উৎপাদন হবে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে ভাওচার দিয়ে বিনামূল্যে পানি সরবরাহ করা হবে বলেও জানান তিনি। ওয়াসা চেয়ারম্যান বলেন, দ্রুতই নগরীর পানির সংকট মেটানো সম্ভব নয়। কর্ণফুলী, মদুনাঘাট ও মোহরা পানি শোধনাগার প্রকল্প নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আটকে আছে জানিয়ে তিনি বলেন, "প্রকল্প তিনটির কাজ শুরু করা গেলে আগামী ২ থেকে ৫ বছরের মধ্যে নগরবাসীর পানির চাহিদা মেটানো যেতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২২৩২ঘ.