পাবনা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার চাটমোহর উপজেলার মিলন চরে রোববার দুপুরে ভূমিহীনদের ওপর হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় ১০/১১টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, ভূমি দখলকারী একটি চক্র ভূমিহীনদের উচ্ছেদ করতে হামলা চালায়। ঘটনাস্থল থেকে মন্টু, পিন্টু, সাইফুল, জাহাঙ্গীর ও ওয়ারেছ নামের পাঁচ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ৫০ জনকে আসামি করে পুলিশ একটি মামলা করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনীন্দ্রনাথ শীল জানান, চাটমোহরের একটি ভূমি দখলকারী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার মিলন চরের ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা করে আসছিল। রোববার দুপুরে তাদের ৩০/৪০ জন লাঠিয়াল ভূমিহীনদের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় ভূমিহীনদের ১০/১১টি বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়।
আহত হবিবুর হবু, আনোয়ারা বেগম, নবির উদ্দিন, মোজাহার উদ্দিন, আবেদা খাতুন, মালেক খাতুন, ছকিনা খাতুন, মোজাহার আলী, ফারুক হোসেন, ছফিনা খাতুন, মর্জিনা খাতুন, আব্দুর রাজ্জাক, গোলেজান বেওয়া, রায়হান, শিপু, মনির, শায়লা, সাগর, রবিউলকে চাটমোহর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি জানান, সংঘর্ষে জড়িতদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24