২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি দখল চেষ্টা ও অপহরণ মামলায় চারজন পুলিশ হেফাজতে

পুরানো ঢাকার ঋষিকেশ দাস লেনের বাড়ি দখলের চেষ্টা, অপহরণ ও লুটপাট-ভাংচুরের মামলায় গ্রেপ্তার চারজনকে ৫ দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুরানো ঢাকার ঋষিকেশ দাস লেনের বাড়ি দখলের চেষ্টা, অপহরণ ও লুটপাট-ভাংচুরের মামলায় গ্রেপ্তার চারজনকে ৫ দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম কণিকা বিশ্বাস অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের এ আদেশ দেন। হেফাজতে পাঠানো আসামিরা হলো হোসেইন মো. বাবুল ওরফে বাবলু (৩২), সোহাগ (২৪), আক্তার হোসেন (২৭) এবং নিজামউদ্দিন সাগর (২৮)। এ সময় আদালতে অভিযুক্তদের পক্ষে কেউ জামিন চাননি অথবা রিমান্ড বাতিলের কোন আবেদন করেননি। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ পরিদর্শক ফরমান আলী তার চাওয়া ৭ দিনের রিমান্ড আবেদনে বলেন, কাদের ইন্ধনে অভিযুক্তরা এই 'নিষ্ঠুর অন্যায় কর্ম' সম্পাদন করেছে তাদের নাম-ঠিকানা জানার জন্য এই অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আবেদনটির শুনানি গ্রহণ করে হাকিম চার অভিযুক্তকে ৫ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গত রোববার গভীর রাতে ঋষিকেশ দাস লেনের একটি হিন্দু পরিবারের ৯ সদস্যকে অপহরণ করা হয় তাদের বাড়ি দখলের উদ্দেশ্যে। পরে তাদের উদ্ধার করা হয়। অপহৃত ওই বাড়ির মালিক ও পরিবারের কর্তা সন্তু নাথ দাস সূত্রাপুর থানায় মামলা করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রোববার বিকেলে সূত্রাপুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রতিমন্ত্রী ঋষিকেশ দাস লেনের বাড়িটিতে যান। তিনি সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে সেদিনের ঘটনার বিবরণ শোনেন। শামসুল ওই ঘটনায় জড়িতদের শাস্তি ও হামলার শিকার পরিবারটিকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সন্ত্রাসীরা কোন দলের নয়। তাদের পরিচয় সন্ত্রাসী। সে যে দলের ই হোক না কেন- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" এই পরিবারটি যাতে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে সেজন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগরী পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসআইটি/এসকে/এসএইচ/২০১৯ঘ.