২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি লাভ করলে আইনানুগ ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

বেশি লাভ করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেশি লাভ করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। রোববার জাতীয় প্রেসক্লাবে 'ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'-এর একটি জার্নাল প্রকাশনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, "রোববার সকালে বিভাগীয় কমিশনারদের সঙ্গে আমার কথা হয়েছে। কেউ অতিরিক্ত মুনাফা করলে তার বিরুদ্ধে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।" তবে বাণিজ্যমন্ত্রী এ-ও বলেন, "গণতান্ত্রিক সমাজে শাস্তি দিয়ে কী কাজ হয়? আমরা বিগত বছরগুলোতে দেখেছি, শাস্তি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না।" সরকারের নানা ধরণের হুঁশিয়ারির মধ্যেই রোববার রাজধানীর দুটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সিটি করপোরেশনের মূল্য তালিকার চেয়ে অনেক বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/এসকে/২০০৭ঘ.