সাভার, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে আমিনবাজারে শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আখিল (৩০), নয়ন (২৮), সেলিম (২৮) ও লুৎফর (৩০)।
র্যাব-৪ এর সাভার ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ্ মিজান-উল-হক বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে আমিনবাজারের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য র্যাবের ১০টি দল একযোগে সাঁড়াশি অভিযান শুরু করে। বিকেল পর্যন্ত ওই চারজনকে গ্রেপ্তার এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
রাতেও অভিযান চলবে বলে তিনি জানান।
সাভার থানার উপ-পরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাব আমিন বাজার এলাকায় অভিযান চালাচ্ছে। তারা কয়েকজন সন্ত্রাসীসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।"
এদিকে সন্ত্রাসী গ্রেপ্তারের খবরে এলাকাবাসী আমিনবাজার এলাকায় আনন্দ মিছিল বের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/এসএইচ/২২২৬ ঘ.
bdnews24