ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দশ শিক্ষাবোর্ড থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে জিয়া শিশু একাডেমি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
খালেদা জিয়া এই ৬০ শিক্ষার্থীকে বই ও উপহার সামগ্রী প্রদান করেন।
বিএনপি চেয়ারপার্সন ভালো ফল অর্জনের জন্য তাদের অভিনন্দন জানান। সামনের দিনগুলোতে আরও ভালো ফল করে দেশসেবায় তাদের প্রস্তুতি নিতে বলেন তিনি।
খালেদা জিয়া তার সরকারের আমলে নকল প্রতিরোধ ও শিক্ষার উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।
তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হিজবুল বাহার জাহাজে করে বঙ্গোপসাগরে নৌবিহারে যাওয়ার কথা স্মরণ করে বলেন, ''দেশের সুনাগরিক হিসেবে তোমাদের গড়ে তুলতে হবে। কারণ, তোমরাই দেশের আগামী দিনের ভবিষ্যত।"
পড়াশুনার পাশাপাশি দেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত করে তোলারও আহবান জানান বিরোধী দলীয় নেতা। তিনি দেশের বিরুদ্ধে 'ষড়যন্ত্র' ও স্বার্থ বিরোধী তৎপরতা সর্ম্পকে তাদের সজাগ থাকতে বলেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫৫ ঘ.
bdnews24