মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে দিনের বেলায় খোলামেলাভাবে বর্জ্য বা গৃহস্থালি ময়লা আবর্জনা পরিবহন বন্ধে জাপান সরকারের সহায়তায় একশ'টি কাভার্ড পিকআপ ভ্যান আমদানি করা হচ্ছে।
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বর্জ্য ব্যবস্থাপনা সেলের (ওয়েস্ট ম্যানেজমেন্ট সেল) প্রকল্প পরিচালক ড. তারেক বিন নাসের শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, "জাপানি প্রতিষ্ঠান জাইকার সহায়তায় আবর্জনা সরাতে এ গাড়িগুলো আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।
"এ জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।"
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষজ্ঞ তারেক বিন নাসের জানান, ডিসিসি'র বর্জ্য অপসারণ খাতে লোকবল থাকলেও এর যথাযথ ব্যবহার না হওয়ায় এবং পুরোনো ট্রাকগুলো খোলামেলাভাবে আবর্জনা টানায় দুর্গন্ধে নগরবাসীর কিছুটা দুর্ভোগ হচ্ছে।
এ অবস্থার নিরসনে জাপান সরকার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিল থেকে বাংলাদেশকে এ সহায়তা দিচ্ছে বলে জানান তিনি।
তারেক বলেন, "আগামী ফেব্র"য়ারির মধ্যে গাড়িগুলো আনা হলে এপ্রিল মাস থেকে অবস্থার উন্নতি হতে পারে।"
তিনি জানান, একশ'টি ভ্যানের মধ্যে ৩৫টি কম্প্যাক্ট গাড়ি থাকবে। এসব গাড়িতে বর্জ্য সংকুচিত করে ফেলা হবে।
সিএনজি চালিত এসব বাহন পরিবেশ দূষণ করবে না বলেও জানান তিনি।
তারেক আরও জানান, এগুলো রক্ষণাবেক্ষণে ডিসিসির অধীনে একটি ওয়ার্কশপ করা হচ্ছে।
তিনি বলেন, "রাজধানীর বিভিন্ন এলাকায় এনজিও বা বাণিজ্যিক প্রতিষ্ঠান গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করছে। তবে বর্জ্য ফেলার ক্ষেত্রে এতদিন কোনো নিয়মকানুন ছিল না।
"বর্তমানে ডিসিসি এ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধিত করে সনদ দিচ্ছে।"
তিনি আরও বলেন, "তাদের বর্জ্য ফেলার জায়গাও নির্দিষ্ট করে দেয়া হচ্ছে। তারা নির্দিষ্ট স্থানে যথাযথভাবে বর্জ্য ফেললে ডিসিসি তা সময়মতো অপসারণ করবে। এতে আর দিনের বেলা বর্জ্য অপসারণের প্রয়োজন হবে না।"
স্থানীয়ভাবে সামাজিক সচেতনতা সৃষ্টিতে ওয়ার্ডভিত্তিক সমাজকর্মী এবং স্কুল-ভিত্তিক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, "এতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এ কার্যক্রমকে সফল করা সম্ভব হবে।"
বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ বা গ্যাসের মতো জ্বালানি বা জৈব সার উৎপাদনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
এ নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও তা তেমন লাভজনক বলে মনে হচ্ছে জানিয়ে তিনি বলেন, "এ কারণে আগ্রহী বিনিয়োগকারীও পাওয়া যাচ্ছে না।"
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার সিনিয়র সহকারী সচিব আনোয়ার হোসেন তালুকদার বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বিভিন্ন দেশ সফরের অভিজ্ঞতার তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা সিটি করপোরেশন এখনো ম্যানুয়েল পদ্ধতিতে অর্থাৎ পুরোনো পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করছে।"
তিনি বলেন, "এ পদ্ধতি বর্তমানে বিশ্বের আর কোন দেশে নেই। এ পদ্ধতিতে কাজ করার যথেষ্ট জনবলও নেই। তাই বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের পরিকল্পনা চলছে।"
বর্জ্য ফেলার জন্য ঢাকার সায়েদাবাদ ল্যান্ডফিল্ড স্টেশন আধুনিকায়ন করা হয়েছে বলে জানিয়ে আনোয়ার বলেন, "আমিন বাজারে আরেকটি ল্যান্ডফিল্ড স্টেশনের স্থাপনের কাজ চলছে। আগামী এক বছরের মধ্যেই এর কাজ শেষ হবে।"
দুটি ল্যান্ডফিল্ড স্টেশন থাকলে বর্জ্য ব্যবস্থাপনায় আগামী ৩০ বছর তেমন কোনও সমস্যা হবে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এসএইচ/এমআই/১৮৩২ ঘ.
bdnews24