ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরিভাবে বহুমুখী কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গণফোরাম।
শনিবার দলের সভাপতিমণ্ডলীর এক সভায় সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার এক প্রস্তাবে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ক্ষোভও প্রকাশ করা হয়।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে গণফোরাম এ সঙ্কট মোকাবেলায় টিসিবিকে কার্যকর, গণবণ্টন ব্যবস্থা চালুর দাবি জানায়।
একই সঙ্গে ঢাকা শহরের যানজট নিরসন ও জলাবদ্ধতা নিরসনের দাবিও জানিয়েছে দলটি।
সভায় আগামী ২৯ আগস্ট দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের জন্য দলীয় সব শাখা ও ইউনিটদের প্রতি আহবান জানানো হয়।
ইডেন কমপ্লেক্সে দলীয় কার্যালয়ে ওই সভায় সভাপতিত্ব পঙ্কজ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান কামাল, আবদুর রউফ, এস এম আলতাফ হোসেন, জামালউদ্দিন, দলের মহাসচিব সুব্রত চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24