কিশোরগঞ্জ, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে বৃহস্পতিবার বিকালে ডুবে যাওয়া নৌকার আরও এক যাত্রীর লাশ পাওয়া গেছে। এখন নিখোঁজ আছেন একজন।
শনিবার সকালে মিঠামইন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রতাপ চন্দ্র দাস (৬০) এর লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র সাহা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় স্থানীয় গোপদীঘি গ্রাম থেকে ২ মাঝি ও ৮ যাত্রী নিয়ে ওই ইঞ্জিন চালিত নৌকা মিঠামইন উপজেলা সদরে যাওয়ার সময় ঢুপি হাওরে ঝড়ের মধ্যে পড়ে ডুবে যায়।
গোপাল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিখোঁজদের অনুসন্ধানে হাওরে জাল ফেলা হয়। আজ (শনিবার) সকাল ৯টার দিকে জালে প্রতাপ দাসের লাশ উঠে আসে।"
এষনও নিখোঁজ রয়েছেন গ্রামীণ শক্তি নামে একটি এনজিও'র উপজেলা ব্যবস্থাপক তাহের উদ্দিন জুয়েল (৩৮)।
তার সন্ধানে কাজ চলছে বলে ইউএনও জানান। তিনি উদ্ধার কার্যক্রম তদারক করছেন।
এর আগে শুক্রবার বিকালে মিঠামইনের উপসহকারী কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম (৩৫) ও স্থানীয় কবিরাজ রশিদ ফকির (৬৫) এর লাশ পাওয়া যায়।
নৌকাডুবির পর ২ মাঝি ও ৪ যাত্রীকে সাঁতরে এবং অন্য নৌকার সহায়তায় কূলে উঠতে পারলেও ওই চারজন ডুবে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫০ ঘ.
bdnews24