কুমিল্লা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে।
শুক্রবার ভোররাতে রাজারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের (হাইওয়ে) দাউদকান্দি ফাঁড়ির কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।
দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন।
পুলিশ কর্মকর্তা রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৩টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আইল্যান্ড পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।"
নিহত সেলিম বাদশার (৪০) বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়।
আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ বাসটি আটক করেছে বলে এএসআই রফিকুল জানান। তবে চালক পলাতক।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24