গাজীপুর, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ভোগড়া শিল্পাঞ্চলে একটি কারখানায় আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম আবুল কালাম (২৫)। তিনি ঢাকার কুর্মিটোলা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও পাঁচ জন।
গরীব অ্যান্ড গরীব সোয়েটার কারখানায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে।
কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) মো. জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনের তৃতীয় তলার স্টোর রুমে প্রথমে আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে।"
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর, টঙ্গী, কুর্মিটোলা থেকে দমকল বাহিনী কয়েকটি ইউনিট গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আবু জাফর আহমেদ সাংবাদিকদের বলেন, "আগুন নেভানোর সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালামের মৃত্যু হয়।"
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে কালাম ঢাকার কুর্মিটোলা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
আহতরা হলেন- কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জানে আলম, টঙ্গী ফায়ার স্টেশনের কর্মকর্তা হিরণ মিয়া, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান শহিদুর রহমান, সফিকুর রহমান ও সামশুদ্দিন।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
গাজীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করার পর বলা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24