২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরলেন ট্রাফিক কনস্টেবল

দায়িত্ব পালন শেষে প্রতিদিনের মতো হেঁটে বাড়ি ফিরছিলেন ট্রাফিক কনস্টেবল আলী আকবর। হঠাৎ চিৎকার শুনে তাকিয়ে দেখেন কয়েকজন লোক দৌড়ে পালাচ্ছে। সন্দেহ করে তিনি তাদের ধাওয়া করেন। একসময় আরো মানুষের সহায়তায় দু'জনকে ধরেও ফেলেন আকবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব পালন শেষে প্রতিদিনের মতো হেঁটে বাড়ি ফিরছিলেন ট্রাফিক কনস্টেবল আলী আকবর। হঠাৎ চিৎকার শুনে তাকিয়ে দেখেন কয়েকজন লোক দৌড়ে পালাচ্ছে। সন্দেহ করে তিনি তাদের ধাওয়া করেন। একসময় আরো মানুষের সহায়তায় দু'জনকে ধরেও ফেলেন আকবর। ট্রাফিক কনস্টেবল আলী আকবর ও পথচারীদের চেষ্টায় আটক দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া প্রায় পঞ্চাশ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। প্রায়শই যখন 'নিষ্ক্রিয় দর্শক' পুলিশের অপরাধ দেখেও না দেখার অভিযোগ ওঠে তখন এই কনস্টেবলের আন্তরিক দায়িত্ব পালন প্রত্যক্ষদর্শীদের প্রশংসা কুড়ায়। ঘটনার শিকার নাভানা লিমিটেডের জুনিয়র এক্সিকিউটিভ মফিজুল ইসলাম জানান, দুপুরে তিনি ইসলামী ব্যাংকের পল্টন শাখা থেকে ৫০ হাজার টাকা তুলে দৈনিক বাংলা মোড়ে তার অফিসে যাওয়ার পথে বায়তুল মোকাররমের উল্টোদিকে ছিনতাইয়ের শিকার হন। ট্রাফিক পুলিশের ভূমিকার প্রশংসা করে মফিজুল ইসলাম বলেন, "আমরা সবাই নিজেদের দায়িত্ব এড়িয়ে যাই। আজকে এই ট্রাফিক কনস্টেবল এগিয়ে না এলে হয়তো আমার টাকাটা ফেরত পাওয়া হতো না।" পল্টন থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনার শিকার মফিজুল ইসলাম পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া আটক দু' ছিনতাইকারী শহীদুল ইসলাম ঠান্ডু (৩০) ও মোহাম্মদ রাজুকে (৩৫) থানা হাজতে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২৩৩৩ঘ.