২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ক্যাম্প রাখার দাবিতে অবরোধে পার্বত্যাঞ্চলে দুর্ভোগ

পার্বত্য চট্টগ্রাম থেকে আংশিক সেনা প্রত্যাহার এবং সেনা ক্যাম্প গুটানোর প্রতিবাদে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য চট্টগ্রাম থেকে আংশিক সেনা প্রত্যাহার এবং সেনা ক্যাম্প গুটানোর প্রতিবাদে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধ কারণে বান্দরবান ও খাগড়াছড়িতে রিকশা ছাড়া কোনো যান চলাচল করেনি। রিকশামুক্ত রাঙামাটিতে অন্য যান চলাচল ছিল বন্ধ। তিন জেলার সঙ্গে দেশের বাকি অংশের সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ ছিল। যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হয়েছে সাধারণ মানুষ। এছাড়া পার্বত্যাঞ্চলের কোথাও কোথাও দোকানপাটও বন্ধ ছিল। পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতাকারী পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ দিনব্যাপী এ কর্মসূচির ডাক দেয়। অবরোধ চলাকালে তিন জেলার বিভিন্ন স্থানে সংগঠনের নেতাকর্মীরা পিকেটিং ও বিক্ষোভ করে। এদিকে বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধারকে কেন্দ্র করে ২২ আগস্ট সেখানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি। ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যে বেশ কয়েকটি অস্থায়ী সেনা ক্যাম্পসহ এক ব্রিগেড সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালিদের বিরোধিতার মধ্যেই চলতি মাসে কয়েকটি ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়। সেনা প্রত্যাহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৩ আগস্ট অ্যাডভোকেট তাজুল ইসলাম ও পার্বত্য এলাকায় বসবাসরত বদিউজ্জামান দুটি আবেদন করেন। এ আবেদনে গত ১৬ আগস্ট হাইকোর্ট সেনা ক্যাম্প প্রত্যাহার বুধবার পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেয়। তবে বুধবার ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বান্দরবান: সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক ও নৌপথে যোগাযোগ বন্ধ ছিল। উপজেলা পর্যায়েও যানবাহন ও নৌকা চলাচল করেনি। জেলার লামা, নাইক্ষ্যংছড়ি ও রুমাসহ বিভিন্ন উপজেলায় রিকশা ছাড়া কোনো যানবাহন চলাচল করেনি বলে স্থানীয় সাংবাদিকরা জানান। লামা উপজেলায় ছিল হরতালের আমেজ। লামা বাজারে সকাল থেকে কোনো দোকান-পাট খোলেনি। অন্য উপজেলাতেও একই সড়ক ও নৌপথ অবরোধের খবর পাওয়া গেছে। যানবাহন চলাচল না করায় লোকজন চরম ভোগান্তির শিকার হয়েছে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার থেকে আসা যাত্রীরা বান্দরবানের প্রবেশ মুখ কেরানীহাট এসে আটকা পড়েন। খাগড়াছড়ি: খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ফেনী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। সকালে খাগড়াছড়ি জেলার ভাঙ্গা ব্রিজ, চেঙ্গি স্কোয়ার, জিরো মাইল, বাস টার্মিনাল এলাকায় অবরোধ আহ্বানকারী পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা পিকেটিং করে। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল কম। জেলার মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, রামগড়, মহালছড়ি, পানছড়ি উপজেলা শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হলেও দীঘিনালা উপজেলার চোংড়াছড়ি বাজারে একটি জিপ গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে তার সঙ্গে সভায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতারা বলেছিলেন অবরোধের সময় রিকশা, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স চলার সুযোগ দেওয়া হবে। কিন্তু তারা সেই কথা রাখেননি। এ কারণে সাধারণ জনগণকে আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অবরোধ কর্মসূচি শেষে সন্ধ্যায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার খণ্ড খণ্ড মিছিল করে। পরে শাপলা চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুল্লা আল মাহমুদ, কেন্দ্রীয় প্রতিনিধি আল আরাফাত মো. নুরুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। রাঙামাটি: জেলার কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। রাঙামাটি শহর সংলগ্ন লঞ্চঘাট থেকে কোন লঞ্চ ছাড়েনি। সারাদেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ ছিল। অফিস আদালতগামী ও স্কুলগামী ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়তে হয়। শহরের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অবরোধ চলাকালে রাঙামাটি শহরে সড়কের বিভিন্ন স্থানে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা পিকেটিং ও দফায় দফায় মিছিল করে। এ সময় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। অবরোধ শেষে শহরের বনরূপা এলাকায় মজসজিদ মার্কেট চত্বরে পরিষদের জেলা আহ্বায়ক মো. শাহাজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- পার্বত্য সম অধিকার আন্দোলনের জেলা শাখার সভাপতি মোস্তাক আহম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা মো. হারুনুর রশীদ, মহিম উদ্দিন, হুমায়ুন কবির প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/২১২৪ ঘ.