২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের হত্যা-লুটপাটের মামলায় চাঁপাইনবাবগঞ্জে দু'জন গ্রেপ্তার

একাত্তরে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে করা মামলায় চাঁপাইনবাবগঞ্জে বুধবার গভীর রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে করা মামলায় চাঁপাইনবাবগঞ্জে বুধবার গভীর রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শওকাত হোসেন সকা (৬২) ও মন্জুর হোসেন (৬০)। জেলা শহরের সেহালা কলোনী মহল্লার বাসা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নজরুল হোসেন। সদর উপজেলার মোল্লাটোলা গ্রামের শহীদ পাতানের ভাই তামিজুল হক ভিখু সোমবার চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। তামিজুল হক অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১০ অক্টোবর সকালে সদর উপজেলার নতুন মোল্লাটোলা গ্রামের শওকাত ও মন্জুরসহ 'রাজাকার' বাহিনীর আরেক সদস্য হুমায়ুন তাদের বাড়িতে ঢুকে পাতানকে গুলি করে হত্যা করে। তারা লুটপাট এবং বাড়িতে অগ্নিসংযোগও করে। আদালতের আদেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুধবার মামলাটি নথিভুক্ত করেন। একাত্তরে হত্যা, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী ও সাতক্ষীরায় করা একাধিক মামলায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭০৬ ঘ.