২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে যুদ্ধাপরাধী নেই, আছে 'মুক্তিযুদ্ধাপরাধী': লতিফ সিদ্দিকী

বাংলাদেশে কোনও যুদ্ধাপরাধী নেই, তবে 'মুক্তিযুদ্ধাপরাধী' আছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে কোনও যুদ্ধাপরাধী নেই, তবে 'মুক্তিযুদ্ধাপরাধী' আছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, "যুদ্ধাপরাধ হয় দুই দেশের মধ্যে যুদ্ধ হলে। কিন্তু আমাদের যুদ্ধ হয়েছে মুক্তি ও স্বাধিকার আদায়ের লক্ষ্যে। বাংলাদেশের কিছু কুলাঙ্গার এই যুদ্ধে পাক বাহিনীকে সহযোগিতা করেছিল। তাদের বিচার হওয়া উচিত।" সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় পাট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রধান উপস্থিত ছিলেন। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, "বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের যে উদ্যোগ নিয়েছে, তার বিরোধিতা করছে পাকবাহিনীর সহায়ক গোষ্ঠী এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুবিধাভোগী গোষ্ঠী। তাদের বিরোধিতা সত্ত্বেও সরকার এই বিচার সম্পন্ন করবে।" মন্ত্রণালয়ে কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর মধ্যে ১৪টি চালু রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় রাষ্ট্রায়ত্ত ২৭টি পাটকলের মধ্যে ১২টি চালু ছিল। এ সরকারের উদ্যোগে বাকি দুটি চালু হয়। লতিফ বলেন, "ভারত বিভাগের সময় এই এলাকায় কোনও পাটকল ছিল না। পরে পূর্ব পাকিস্তানে আদমজী পাটকল চালু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে রাষ্ট্রায়ত্ত ৭৭টি পাটকল ছিল। এ সংখ্যা বর্তমানে ২৭টিতে নেমেছে।" আদমজী বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, "বাংলাদেশের যে কোনও গণতান্ত্রিক আন্দোলনে আদমজী শ্রমিকদের বড় ভূমিকা ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশের মুক্তি সংগ্রামেও তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। বাংলাদেশের মানুষ ও ওই পাটকলের শ্রমিকদের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য আদমজী পাটকল বন্ধ করা হয়েছে।" আদমজী পাটকল আবার চালু হবে কি না জানতে চাইলে লতিফ বলেন, "এটি এককভাবে কোনও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার নয়, সরকারের সিদ্ধান্তের ব্যাপার। সরকার সিদ্ধান্ত নিলে আবার চালু হবে।" রাষ্ট্র পরিচালিত পাটকল, চটকল, সুতাকল ও বস্ত্রকলের লোকসানের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, "শুধু অনিয়ম, দুর্নীতি বা অস্বচ্ছতার কারণেই এই লোকসান হচ্ছে- তা ঠিক নয়। আমি মনে করি, এগুলোকে লোকসানী খাতে পরিণত করা হয়েছে।" প্রতি বছর এই খাতে সরকারকে সাত থেকে আট হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, "ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ঠিকই চলছে। "১৯৮০ সালের পর এসব প্রতিষ্ঠানে নতুন কোন শ্রমিক নিয়োগ দেওয়া হয়নি। ফলে এই প্রতিষ্ঠানগুলো প্রবীণ কর্মীদের দিয়ে যথাযথভাবে উৎপাদন করতে পারছে না, আবার মুনাফাও করতে পারছে না।" বন্ধ ও বিক্রি করে দেওয়া পাটকলের শ্রমিকদের বকেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের কাছে এই ধরনের ছয়শ' কোটি টাকা বকেয়া রয়েছে। ইতোমধ্যে একশ' কোটি টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। "বাকি বকেয়াও শিগগিরই পরিশোধ করা হবে এবং কর্মক্ষমতাহীন ও মৃত শ্রমিক পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসএইচ/এমআই/১৭১৩ ঘ.