২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহের বিচার প্রচলিত আইনেই সম্ভব: আব্দুল কাহহার

বিডিআর বিদ্রোহের বিচার প্রচলিত আইনেই করা সম্ভব বলে মনে করেন খোদ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ। সেইসঙ্গে চলতি বছরে মামলাটির তদন্ত শেষ করার বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার প্রচলিত আইনেই করা সম্ভব বলে মনে করেন খোদ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ। সেইসঙ্গে চলতি বছরে মামলাটির তদন্ত শেষ করার বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। বুধবার বেসরকারি টেলিভিশন দেশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুল কাহহার একথা বলেন। তিনি বলেন, "যেহেতু প্রচলিত আইনে তদন্ত করছি, আমি তো মনে করি প্রচলিত আইনেই বিচার করা যায়। বিচার করা যাবে না বলে কোনো কথা নাই। আমি তো গতানুগতিক আইনের ধারায় তদন্ত করছি এবং আমার প্রস্তুতিও গতানুগতিক আইনের জন্যই থাকবে।" তবে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ীও বিচার করা যাবে বলে মনে করেন তিনি। বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কিনা- এ বিতর্কের পরিপ্রেক্ষিতে সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুপ্রিম কোর্টের মতামত চেয়ে রেফারেন্স পাঠান। রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানিতে আদালতকে সহায়তার জন্য বুধবার ১০ জন এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানা বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭২ জন নিহত হন। এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি মামলা হয়। পরে মামলা স্থানান্তর করা হয় নিউ মার্কেট থানায়। এরপর ১ মার্চ এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। এ মামলায় এ পর্যন্ত এক হাজার ৯১৮ জন বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৬ মাস অতিক্রান্ত হলেও মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এ ব্যাপারে আব্দুল কাহহার বলেন, "এ ধরনের মামলায় কোনো সুনির্দিষ্ট সময় দেওয়া থাকে না এবং আইনে এ ধরনের কোনো কিছু নেই। তারপরও সবারই চেষ্টা থাকে, আমরাও চেষ্টা করবো যত দ্রুত পারি আমরা এটা শেষ করবো। "চলতি বছরের মধ্যে পিলখানা হত্যাকাণ্ড মামলার তদন্ত শেষ হবে কিনা সন্দেহ আছে।" সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা যে ধারায় তদন্ত করছি মামলা সে দিকেই শেষ পর্যন্ত যাবে। তবে বিচার কিভাবে হবে সেটা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।" আব্দুল কাহহার জানান, বিচার প্রক্রিয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের ব্যাপার। তবে যে প্রচলিত আইনে তদন্ত চলছে সে নিয়মে বিচার না হলেও সিআইডির তদন্ত কাজে লাগবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট নিয়মে তদন্তও হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/২১৪০ ঘ.