২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের ৬০তম জম্মদিন পালিত

নানা আয়োজনে প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের ৬০তম জম্মদিন পালন করা হয়েছে মঙ্গলবার। সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও থিয়েটার কর্মীরা এক স্মরণযাত্রা বের করে। পরে বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে গিয়ে তার সমাধিতে পুষ্পার্ঘ্য দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 06:52 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- নানা আয়োজনে প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের ৬০তম জম্মদিন পালন করা হয়েছে মঙ্গলবার। সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও থিয়েটার কর্মীরা এক স্মরণযাত্রা বের করে। পরে বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে গিয়ে তার সমাধিতে পুষ্পার্ঘ্য দেন। এ সময় সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল, কলা অনুষদের ডিন অধ্যাপক আফসার আহমদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান, সেলিম আল দীন জম্মোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। মেহেরুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি সশরীরে নেই- এই সত্য জানি। কিন্তু তার স্পন্দন সর্বত্র অনুভূত হয়। প্রতিদিনের মতো আজও সূর্য উঠছে। পাখিরা গান গাইছে, প্রজাপতিরা ডানা মেলছে। আর ফুলেরা সুবাস ছড়াচ্ছে-সেই সুবাসের মৃদু সমীরণ ছুঁয়ে যাবে তার সমাধিকে- এ আমার প্রার্থনা।" সেলিম আল দীনের জম্মদিন উপলক্ষে সোমবার রাত নয়টায় 'আলোক পদযাত্রা', রাত ১১ টায় পুরাতন কলা ভবনের সামনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাট্য কোলাজ 'শিল্পপিতার স্মরণে সুর ও কথামালা' মঞ্চস্থ হয়। একই স্থানে রাত ১২ টা ১ মিনিটে ফানুস উড়ানো ও মঙ্গল প্রদীপ ভাসানো হয়। এ সময় নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন থিয়েটারের কর্মী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেলিম আল দীনের জন্ম ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে। ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসএইচ/এইচএ/২৩৫৭ ঘ.