পাবনা, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা থেকে এক চরমপন্থি নেতাসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে একজন হলেন- আটঘরিয়া উপজেলার সুজাপুর গ্রামের বাসিন্দা চরমপন্থি ছকির হোসেন (৩০)। অপর দু'জনের পরিচয় জানা যায়নি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা চরমপন্থি নেতা ছকির হোসেনকে ধরে নিয়ে যায়। মঙ্গলবার পুলিশ তারাপাশার বিল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছকির খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে।
একইদিন দুপুরে ঈশ্বরদী উপজেলার রুপপুর ও কামালপুর এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত দুই যুবকের হাত-পা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেনিন আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার পর দু'জনের লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০১৫ ঘ.
bdnews24