২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্য চট্টগ্রামে পৃথক ভোটার তালিকা প্রণয়নে সংবিধান সংশোধন প্রয়োজন'

পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা ভোটার তালিকা প্রণয়নে সংবিধান সংশোধন প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। মঙ্গলবার রাঙামাটিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা ভোটার তালিকা প্রণয়নে সংবিধান সংশোধন প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। মঙ্গলবার রাঙামাটিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শামসুল হুদা বলেন, "দেশের সুপ্রিম আইন হচ্ছে সংবিধান। আর পার্বত্য শান্তি চুক্তি হচ্ছে সাবসিডিয়ারি। তাই আলাদা ভোটার তালিকার জন্য সংবিধান সংশোধন করতে হবে।" নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপনের জন্য স্থান নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মঙ্গলবার রাঙ্গামাটি ও বান্দরবান সফর করেন। একইদিন অপর দুই নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ও মো. ছহুল হোসাইন সাতক্ষীরা, দিনাজপুর ও পঞ্চগড় সফর করেন। এ সময় তারা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সিইসি আরও বলেন, "পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে এই পরিষদ সমূহের নির্বাচনের ব্যাপারে যে আলাদা ভোটার তালিকার কথা বলা হয়েছে সেজন্য সংবিধান সংশোধন প্রয়োজন এবং এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সরকার সিদ্ধান্ত নেওয়ার পর আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি।" বান্দরবানে সিইসি বলেন, "মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পাওে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। "রোহিঙ্গারা আমাদের নাগরিক নয়। তাদের ব্যাপারে কোনো দুর্বলতা বরদাশত করা হবে না।" নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাতক্ষীরায় বলেন, গণতান্ত্রিক সরকারকে শক্তিশালী করতে হলে নির্বাচন কমিশনকেও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, "নির্বাচন নিয়ে মানুষ আর রক্তারক্তি করতে কিংবা হাঙ্গামা ও অবিশ্বাস দেখতে চায় না। আমরা নির্বাচন কমিশনকে আরও স্বচ্ছ জায়গায় গোছানো অবস্থায় রাখতে চাই।" পঞ্চগড়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি না সে বিষয়ে জাতীয় সংসদই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে একমত হলে তাকে নির্বাচন কমিশন সাধুবাদ জানাবে। তিনি আরও বলেন, "সংসদের আগামী অধিবেশনে বিল পাস হলে জানুয়ারিতে সিটি, পৌরসহ স্থানীয় সরকার পরিষদের নির্বাচন করা সম্ভব হবে। এ ব্যাপারে কমিশন সব প্রস্তুতি নিয়ে রেখেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/এইচএ/২৩৪০ ঘ.