২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শেরপুরে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। বুধবার থেকে দুর পাল্লার এবং অভ্যন্তরীণ রুটের বাসগুলো যথারীতি আগের নিয়মে চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

শেরপুর, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। বুধবার থেকে দুর পাল্লার এবং অভ্যন্তরীণ রুটের বাসগুলো যথারীতি আগের নিয়মে চলবে। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় র্ধমঘট প্রত্যাহার করে জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শেরপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসগুলোকে ময়মনসিংহে বাধা দেওয়ার প্রতিবাদে জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। সোমবার রাত ১২টায় শহরের নবীনগর বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিকদের যৌথসভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ও কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির নামে যেসব বাস চলে সেগুলো বন্ধের আশ্বাস দিয়েছে প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। তিনি জানান, মুক্তিযোদ্ধা সংসদ ও কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির নামে বাস চলাচল করায় শেরপুর থেকে ছাড়া সব যাত্রীবাহী বাস ময়মনসিংহে বাধা দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে তারা ধর্মঘট ডেকেছিলেন। এখন মুক্তিযোদ্ধা সংসদ ও কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির বাস বন্ধ করার সিদ্ধান্ত হওয়ায় সমস্যা মিটে যাবে। বুধবার থেকে যথারীতি আগের নিয়মে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং জেলার অভ্যন্তরীন সব রুটে বাস চলবে বলে আজিজুল হক জানান। তিনি জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান। বৈঠকে বক্তব্য রাখেন- বাস-কোচ মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান মোহন, জেলা সড়ক পরিবহন মালিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.