২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অননুমোদিত পণ্য বিক্রির দায়ে নাবিস্কোর তিন কর্মকর্তার সাজা

বিএসটিআই-এর অনুমোদন ছাড়া পণ্য বিক্রির দায়ে দেশের অন্যতম প্রধান খাদ্য সামগ্রী উৎপাদনকারী নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীর উর্ধ্বতন তিন কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৯৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ অর্থ আদায় করা না গেলে দেড় বছর করে কারাদণ্ডও ভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসটিআই-এর অনুমোদন ছাড়া পণ্য বিক্রির দায়ে দেশের অন্যতম প্রধান খাদ্য সামগ্রী উৎপাদনকারী নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীর উর্ধ্বতন তিন কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৯৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ অর্থ আদায় করা না গেলে দেড় বছর করে কারাদণ্ডও ভোগ করতে হবে। পণ্যের মান নিয়ন্ত্রণকারী জাতীয় সংস্থা বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন)-এর অনুমোদন ছাড়া পাউরুটি, বিস্কুট ও চকোলেট উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং একইভাবে 'বিএসটিআই' এর মানচিহ্ন (লোগো) ব্যবহারের দায়ে আলাদা তিনটি মামলায় আদালত তাদের এ সাজা দেয়। মঙ্গলবার বিকেলে ঢাকার মহানগর হাকিম এই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা প্রত্যেকেই তাদের কৃতকর্মের জন্য আদালতের (হাকিমের) কাছে ক্ষমা চাইলেও আদালত ক্ষমা করে নি। দণ্ডিতরা হচ্ছেন, নাবিস্কোর ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল মান্নান খান, উপ- প্রধান উৎপাদন কর্মকর্তা মো. আবুল খায়ের ও প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলম্যান মঈনুল ইসলাম। গত ১১ আগস্ট বিএসটিআই এর পরিদর্শক কাওসার আহমেদ খান ওই মামলাগুলো দায়ের করেন। এদিকে ভেজাল বিরোধী অভিযান শুরু হওয়ার পর গত ২৩ জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকার দুটি আদালতে দায়ের করা মামলার মধ্যে ৩২টির নিস্পত্তি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কর্মচারী সাখাওয়াত হোসেন। ১৯৮৫ সালের "বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন অর্ডিন্যান্স" অনুযায়ী এসব মামলা হচ্ছে। ওই আইন অনুসারে "বিএসটিআই"-এর অনুমোদন ছাড়া পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুর, এনার্জি ড্রিংকস, তেল, মধু ইত্যাদি উৎপাদন, বিতরণ ও বিক্রি করা যায় না। এছাড়া "দি স্ট্যান্ডার্ড অব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স ১৯৮২" অনুসারে বিভিন্ন পণ্যের গায়ে ওজন এবং মূল্য লেখা না থাকায় এর সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/এসকে/২১০৩ঘ.