২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে পতাকা অর্ধনমিত না রাখায় জাতীয় প্রেসক্লাবের বিরুদ্ধে জিডি

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকার এক সাংবাদিক। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকার এক সাংবাদিক। মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় করা এ জিডিতে সাংবাদিক রওশন ঝুনু অভিযোগ করেন, "অত্যন্ত দুঃখ, লজ্জা ও পরিতাপের বিষয় যে, গোটা জাতি যখন এ দিবসটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে, তখন জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ ঐতিহাসিক এ দিবসটির তাৎপর্যকে অসম্মান এবং রাষ্ট্রীয় আদেশ-নির্দেশ অমান্য করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা থেকে বিরত থাকে।" অভিযোগে আরও বলা হয়, এ কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ 'সুদৃঢ় ও পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়ে' বাঙালি জাতি ও জাতিসত্ত্বার আত্মপরিচয়ের মৌলিক অনুভূতিতে আঘাত করেছে।" শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধারণ ডায়েরির আবেদনটি তারা গ্রহণ করেছেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় গতবছর রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালন করা হলেও সেবারও জাতীয় প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। এ ব্যাপারে জানতে চাওয়া হলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কাছে জানতে চাচ্ছেন কেন? আমি ওই সময় দেশে ছিলাম না। সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আখতার ইউসুফ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন। তাকে জিজ্ঞেস করেন।" এ ব্যাপারে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল হক বলেন, "এটা সরকারের রুলস। তাই সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সব প্রতিষ্ঠানই এটা মানতে বাধ্য। না মানাটা অপরাধ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯৫০ঘ.