সিরাজগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় গ্রেপ্তারকৃত কলেজ শিক্ষককে জামিন দেওয়ায় মঙ্গলবার দুপুরে বিচার বিভাগীয় হাকিমকে লাঞ্ছিত করেছেন কয়েকজন সরকারি আইনজীবী। তারা বিচারকের খাস কামরায় ভাঙচুরও চালিয়েছেন।
এ ঘটনার পর বিকেলে হাকিম ওই শিক্ষকের জামিন আদেশ বাতিল করেন।
সিরাজগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান গত রোববার শ্রেণীকক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করলে ক্ষুব্ধ ছাত্রদের প্রতিবাদের মুখে অধ্যক্ষ তাকে পুলিশে দেন।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. নূর আলম তাকে জামিন দেন।
প্রত্যক্ষদর্শী জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর রুহুল আমিন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতাউর রহমানকে জামিন দেওয়ার পরপরই কয়েকজন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জামিন বাতিল করার জন্য হাকিমকে চাপ দেন। জামিন বাতিল না করায় তারা হাকিমের খাস কামরায় ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগাল দেন, চেয়ার ভাংচুর করেন এবং তার দিকে চেয়ার ছুঁড়ে মারেন। এ সময় তাদের সঙ্গে যোগ দেন ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতা-কর্মী।
বিক্ষোভকারীরা জামিন বাতিল এবং হাকিম নূর আলমের অপসারণ দাবি করে। দুপুর ১২টা থেকে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ চলে। পুলিশ বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ এনেও পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।
এ অবস্থায় সরকারি আইনজীবী (পিপি) আব্দুর রহমান বিচারক নূর আলমের সঙ্গে আলোচনা শেষে বিক্ষোভকারীদের জানান জামিনের আদশ বাতিল করা হবে। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা শান্ত হয়।
আইজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর রুহুল আমিন বাবু বলেন, "বিকেল ৫টায় হাকিম জামিনের আদেশ বাতিল করেন।"
হাকিম মো. নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশের বিপরীতে আপিল করার সুযোগ সবার আছে। কিন্তু, এ সামান্য বিষয়কে রাজনৈতিকভাবে নিয়ে বিচার বিভাগকে চাপের মধ্যে রাখা ঠিক নয়।
"রায় পছন্দ না হলে অবশ্যই যে কেউ উচ্চ আদালতে যেতে পারে। তা না করে বিচারককে নাজেহাল করা, এটা কেমন কথা?"
সহকারী সরকারি আইনজীবী (এপিপি) মো. গোলাম হায়দার বলেন, "বঙ্গবন্ধুর প্রতি কটুক্তিকারী ওই শিক্ষককে বিধি বহির্ভূতভাবে জামিন দেওয়ায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"
জেলা ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম সজল বলেন, "আমরা আদালতে পৌঁছার আগেই পুলিশ হাকিম আদালতের ফটক বন্ধ করে দেয়। বিচারক বিধি বাহির্ভূতভাবে জামিন দেওয়ায় আমরা আদেশ বাতিলের জন্য গেটের বাইরে বিক্ষোভ করেছি। আমাদের দ্বারা বিচারক লাঞ্ছিত হয়নি।"
আওয়ামী লীগ সমর্থক আইনজীবী এপিপি গোলাম হায়দার বলেন, "আমরা তার এ বিধিবহির্ভূত আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তার সঙ্গে দেখা করে এ আদেশ বাতিলের জন্য পরামর্শ দিয়েছি। আমাদের কেউই তার সঙ্গে অশোভন আচরণ করেনি। দু'য়েকজন বিক্ষিপ্তভাবে করে থাকলেও তা আমাদের জানা নেই। কেউ অশোভন আচরণ করলে তা অন্যায় করেছে।"
গত রোববার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শ্রেণীকক্ষে পাঠদানের সময়ে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান বঙ্গবন্ধুর প্রতি কটুক্তি করে বলেন, "শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীনতার ঘোষক ছিলেন না। তিনি সত্যিকারের স্বাধীনতা বিরোধী রাজাকার ছিলেন। তিনি বরং ফাঁসির ভয়ে আত্মরক্ষার জন্য পালিয়েছিলেন।"
ওইদিন সন্ধ্যায় জেলা ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম সজল বাদী হয়ে সদর থানায় আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি এখন জেলে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১১ ঘ.
bdnews24