২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অপহৃতদের একজন ছাড়া পেয়েছেন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে অপহৃত রাবার বাগানের দুই কর্মচারীর মধ্যে একজনকে মঙ্গলবার ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। আরেকজনকে উদ্ধারে সেনা, বিডিআর ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

বান্দরবান, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে অপহৃত রাবার বাগানের দুই কর্মচারীর মধ্যে একজনকে মঙ্গলবার ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। আরেকজনকে উদ্ধারে সেনা, বিডিআর ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা ব্যক্তি হলেন- মধ্যম বাইশারী এলাকার মহিউদ্দিনের রাবার বাগানের কর্মচারী নাজের মিয়া। তিনি বর্তমানে বিডিআর হেফাজতে আছেন বলে মঙ্গল দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক। শনিবার রাতে দুর্বৃত্তরা নাইক্ষ্যংছড়ির মধ্যম বাইশারী এলাকার পিএইচপি রাবার বাগানের তত্ত্বাবধায়ক হেফাজেতুর রহমান (২৮) এবং পার্শ্ববর্তী মহিউদ্দিনের রাবার বাগানের কর্মচারী নাজের মিয়াকে (২৪) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে পুলিশ বলেছে অপহরণকারী শেষ পর্যন্ত ৫ লাখ টাকা চেয়ে হেফাজেতুরের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেছে। ওসি ওবায়দুল হক জানান, মঙ্গলবার সকালে অপহরণকারীরা বাইশারীর দুর্গম পাথুই হেডম্যান পাড়া এলাকায় নাজের মিয়াকে ছেড়ে দেয়। নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজার জিয়া তাকে (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে দুজনকে নিয়ে চলা ফেরা করা ঝামেলা মনে করে অপহরণকারীরা একজনকে ছেড়ে দিয়েছে। ওসি ওবায়দুল হক জানান, অপহৃত অপরজনও যে কোনো সময় ছাড়া পাবে বলে তারা আশা করছেন। এদিকে বান্দরবান সেনা রিজিয়নের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণকারীরা পিএইচপি রাবার বাগানের তত্ত্বাবধায়ক হেফাজেতুর রহমানকে আটকে রেখে মুক্তিপণ আদায় করতে চাচ্ছে। তার জন্যই মুলত মুক্তিপণ চাওয়া হচ্ছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন যাবত সন্ত্রাসীরা পিএইচপি রাবার বাগান কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তারা বাগানের তত্ত্বাবধায়ককে অপহরণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৩ ঘ.