বাগেরহাট, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরে শিপিং কর্মচারী ইউনিয়নের ডাকা লাগাতার কর্মসূচি মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চলছে।
এর ফলে কিছুটা গতিহীন মংলা বন্দরের কার্যক্রম।
কর্মচারী ইউনিয়নের সহস্রাধিক চাকরিচ্যুত কর্মী পাঁচ দফা দাবিতে সোমবার ভোর থেকে বন্দরে অবস্থান কর্মসূচি পালন শুরু করে।
মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মাহাবুবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মংলা বন্দরকে সচল রাখতে বন্দরের নিয়োগকৃত স্টিভেডরস অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণাধীন ক্যাজুয়াল কর্মচারীদের সংগঠন মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের পাঁচ দফা দাবির বিষয়ে আলোচনার জন্য সোমবার সন্ধ্যায় উভয় পক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি জানান, বুধবার সকালে খুলনা পোর্ট ক্লাবে মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর এম ফারুকের সভাপতিত্বে ওই সভা হবে।
কর্মচারী ইউনিয়নের সভাপতি সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বন্দর কর্তৃপক্ষের দেওয়া চিঠি পেয়ে আমরা সোমবার রাতেই জরুরি সভা ডেকে বুধবারের আলোচনা সভায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। তবে আন্দোলন বন্ধ হবে না।"
আন্দোলনরত শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, পুনরায় কল স্টেশনের মাধ্যমে বুকিং প্রথা চালু, বকেয়া পোশাক ভাতা, উৎসব বোনাস ও মৃত্যু ভাতা পরিশোধ ইত্যাদি।
২০০৮ সালের ১ আগস্ট শ্রম সংশোধন অধ্যাদেশের ফলে ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তির সঙ্গে সঙ্গে কল স্টেশন বা বুকিং প্রথা বাতিলের মাধ্যমে এ সব কর্মী চাকরি হারান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২২ ঘ.
bdnews24