পাবনা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘড়িয়া উপজেলায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন।
নিহতের নাম ছগির হোসেন (৩০)। তার বাড়ি আটঘরিয়ার সুজাপুর গ্রামে। তিনি নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ কর্মকর্তা রেজাউল সাংবাদিকদের বলেন, ছগিরকে রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজন ধরে নিয়ে যায়। আজ (মঙ্গলবার) স্থানীয় তারাপাশা বিলে তার গলাকাটা লাশ পাওয়া গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।
ওসি রেজাউল বলেন, "চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে ছগির খুন হতে পারে। এর তদন্ত চলছে।"
ছগিরের বিরুদ্ধে আটঘরিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.
bdnews24