শেরপুর, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
শেরপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসগুলোকে ময়মনসিংহে বাধা দেওয়ার প্রতিবাদে জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট ডেকেছে।
দূরপাল্লার ও স্থানীয় রুটের বাসসহ সব ধরনের যাত্রীবাহী যানবাহন এই ধর্মঘটের আওতায় পড়বে।
সোমবার রাত ১২টায় শহরের নবীনগর বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরী রাত সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়মনসিংহের কিছু বাস-মালিক ও শ্রমিক শেরপুর থেকে ছেড়ে যাওয়া বাসগুলোকে অকারণে বাধা দিয়ে হয়রানি করে আসছে। তাই আমরা ধর্মঘটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।"
ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার পর শহরে মাইকিং করে তা জানিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন জানান, পণ্যবাহী যানবাহন আপাতত ধর্মঘটের বাইরে থাকবে। তবে দ্রুত দাবি মানা না হলে তার চলাচলও বন্ধ করে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/এসকে/০১১০ ঘ.
bdnews24