সাতক্ষীরা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় সোমবার বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের চাল ভর্তি একটি ট্রাক আটক করেছে জনতা। পরে চালসহ ট্রাকটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার জানান, স্থানীয় জনতা চাল আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় কয়েকজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার ২ নম্বর বুধহাটা ইউনিয়নে কাজের বিনিময় খাদ্য (কাবিখা) প্রকল্পের ১৮ টন চাল ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল কুদ্দুস সকালে সাতক্ষীরা সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে পরিষদে নিয়ে যান।
তারা জানান, ট্রাক থেকে না নামিয়েই স্থানীয় ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের কাছে চালগুলো বিক্রি করে দেওয়া হয়। বিকেলে সিদ্দিকুর রহমান ট্রাকভর্তি (যশোর ট ১১-০৯৬৩) ওই চাল সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে নেওয়ার সময় সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্লার মোড় নামক স্থানে জনতা আটক করে। এ সময় ওই ব্যবসায়ী, ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান।
এ ব্যাপারে বুধহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সঙ্গে ফোনে যোগাযোগ করে কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫২ ঘ.
bdnews24