২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১শ' কর্মকর্তা-কর্মচারীর তথ্য চাইবে সংসদীয় কমিটি

বিগত চারদলীয় জোট সরকারের সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া এক হাজারের বেশি কর্মকর্তা ও র্কমচারী সম্পর্কে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে তথ্য চাইবে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। এসব কর্মকর্তা ও র্কমচারীর মধ্যে রয়েছেন প্রথম শ্রেণীর ২১৮ জন কর্মকর্তা ও ৯০০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত চারদলীয় জোট সরকারের সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া এক হাজারের বেশি কর্মকর্তা ও র্কমচারী সম্পর্কে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে তথ্য চাইবে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। এসব কর্মকর্তা ও র্কমচারীর মধ্যে রয়েছেন প্রথম শ্রেণীর ২১৮ জন কর্মকর্তা ও ৯০০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। সোমবার সংসদ ভবনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকের পর কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, "২১৮ জন প্রথম শ্রেণীর কর্মকর্তার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যথাযথ পদ্ধতি মানা হয়েছিল কি না তার তথ্য জানাতে কমিটির পক্ষ থেকে আমি সরকারি কর্ম কমিশনে অনুরোধ জানাব।" আওয়ামী লীগের আগের আমলে ১৯৯৬ সালের জুন থেকে ২০০১ সালের জুন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মোজাম্মেল হোসেন। সাংবাদিকদের তিনি জানান, কমিটির সদস্যদের সন্দেহ বিএনপির পাঁচ বছরের শাসনামলে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকতে পারে। তিনি বলেন, "মন্ত্রণালয়টিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের বিষয়ে তথ্য সরবরাহের জন্যও আমরা মন্ত্রণালয়কে বলেছি।" স্থায়ী কমিটি বয়স্ক ভাতার বয়সসীমা কমানোর সুপারিশ করেছে বলেও জানান চেয়ারম্যান মোজাম্মেল। তিনি বলেন, "আমরা কমপক্ষে ৬০ বছর বয়সী দরিদ্র লোকদের বয়স্ক ভাতা দেওয়ার সুপারিশ করেছি। বর্তমানে এ বয়সসীমা ৬৫ বছর।" তিনি জানান, ভাতা পাওয়ার যোগ্য লোক নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে পাঁচ সদস্যের একটি পরিষদ থাকবে এবং স্থানীয় সাংসদ তালিকার চূড়ান্ত অনুমোদন দেবেন। বিগত আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা প্রচলন করে। তখন প্রত্যেকে মাসে ২০০ করে টাকা পেতেন। বর্তমানে পাচ্ছেন ৩০০ টাকা করে। বাগেরহাট-৪ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের এই সাংসদ অভিযোগ করে বলেন, "বিএনপির শাসনামলে ৪০ বছর বয়সী লোকও বয়স্ক ভাতা পেয়েছে। ওই ভাতা বিতরণের দায়িত্ব ছিল গ্রাম সরকারের।" বিএনপির তৈরি বিতর্কিত এ স্থানীয় সরকার ব্যবস্থা পরবর্তী সময়ে হাইকোর্ট বিলুপ্ত ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/২২০৮ঘ.