বান্দরবান, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে শনিবার রাতে অপহৃত রাবার বাগানের দুই কর্মচারীকে সোমবারও উদ্ধার করা যায়নি। অপহরণকারীরা মুক্তিপণের জন্য অপহৃত একজনের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করছে।
অপহৃতদের উদ্ধারে সেনা-বিডিআর-পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। অপহরণকারীরা তাদের নিয়ে যেসব এলাকায় অবস্থান নিতে পারে বলে তারা ধারণা করছেন সেসব এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
শনিবার রাতে নাইক্ষ্যংছড়ির মধ্যম বাইশারী এলাকার পিএইচপি রাবার প্ল্যান্টেশনের সুপারভাইজার হেফাজেতুর রহমান (২৮) এবং পার্শ্ববর্তী মহিউদ্দিনের রাবার বাগানের কর্মচারী নাজের মিয়াকে (২৪) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এদের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশ ও বিডিআর'র ৮টি দল পৃথকভাবে অভিযান শুরু করেছে। অপহরণকারীদের সম্ভাব্য অবস্থানগুলো চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
ওসি জানান, নাইক্ষ্যংছড়ি সংলগ্ন আলীকদম-বাইশারী মিয়ানমার সীমান্ত এলাকায় কোনো পাহাড়ে-জঙ্গলে অপহৃতদের নিয়ে দুর্বৃত্তরা অবস্থান করতে পারে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নওয়াব আসলাম হাবিব জানান, রাবার বাগানের দুই কর্মচারীকে অপহরণের পরপরই অভিযান শুরু হয়। সোমবার সকাল থেকে অভিযান আরও জোরদার করা হয়েছে। অপহরণকারীরা আশপাশেই কোনো পাহাড়ে বা জঙ্গলে লুকিয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃতদের উদ্ধার অভিযানে বান্দরবানের আলীকদম সেনা জোনের কয়েকটি দলও অংশ নিয়েছে।
তিনি জানান, তাদের ধারণা অপহৃতদের নিয়ে অপহরণকারীরা এখনও সীমান্ত (মিয়ানমার) অতিক্রম করতে পারেনি। সেনাাবহিনী, পুলিশ ও বিডিআর এর অভিযানের মুখে সন্ত্রাসীরা (অপহরণকারী) গহীন জঙ্গলে অবস্থান নিয়ে থাকতে পারে।
পিএইচপি রাবার বাগানের ম্যানেজার রইস উদ্দিন জানান, অপহৃতদের মুক্তিপণ হিসেবে সন্ত্রাসীরা অজ্ঞাত স্থান থেকে প্রথমে ৫০ লাখ টাকা দাবি করলেও সোমবার তা কমিয়ে পাঁচ লাখ টাকা চেয়েছে।
তিনি জানান, অপহরণকারীরা তাদের সুপারভাইজার হেফাজেতুর রহমানের বাবার সঙ্গে মুক্তিপণ নিয়ে যোগাযোগ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24