২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিচার: সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠালেন রাষ্ট্রপতি

বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে- সে বিষয়ে মতামত জানতে চেয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুপ্রিম কোর্টে সোমবার রেফারেন্স পাঠিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 10:18 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার কোন আইনে হবে- সে বিষয়ে মতামত জানতে চেয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুপ্রিম কোর্টে সোমবার রেফারেন্স পাঠিয়েছেন । বিকেল সাড়ে তিনটায় বিশেষ বার্তাবাহককে দিয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে রেফারেন্সটির অনুলিপি পৌঁছে দেওয়া হয়। রেফারেন্সে জানতে চাওয়া হয়েছে, বিডিআর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারে সেনা আইন প্রয়োগ করা যাবে কিনা। যদি না যায় সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে তাদের বিরুদ্ধে সেনা আইন প্রয়োগ করা যাবে কিনা। এ খবরের সত্যতা নিশ্চিত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন বিকেলে চারটায় সাংবাদিকদের বলেন, "রেফারেন্সের কপিটি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। আজই (সোমবার) প্রধান বিচারপতির কাছে রেফারেন্সটি পৌঁছে দেব।" গত ২৭ জুলাই বিডিআর ঘটনার বিচার সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোন আইনে এর বিচার হবে সে বিষয়ে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে মতামত চাইবেন। সেনা বা সাধারণ আইন না বিডিআর এর বিধান- কোন আইনের আওতায় বিচার হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়। এ বছরের ফেব্র"য়ারির শেষ সপ্তাহে পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিডিআরে কর্মরত অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহী জওয়ানরা। এ ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ হাজারেরও বেশি বিডিআর সদস্য গ্রেপ্তার রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এইচএ/১৬২০ ঘ.