বাগেরহাট, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনরায় কল স্টেশনের মাধ্যমে বুকিং প্রথা চালু ও ২০০৭-০৮ অর্থবছরের পোষাক ভাতা, উৎসব বোনাস পরিশোধসহ পাঁচ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের চাকরিচ্যুত কর্মচারীরা।
সোমবার সকাল ৬টা থেকে মংলা বন্দরের কল স্টেশন চত্বরে তারা এ কর্মসূচী শুরু করেন।
১ হাজার ১শ' ১৬ জন কর্মচারী এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪৭ জন সহকারী সুপারভাইজার, ১৩৮ জন পেপার ওয়ার্কার, ৫২ জন কার্গো পরিদর্শক, ৪৫ জন টালি চেকার, ৪৯ জন ডেক ফোরম্যান, ৫৪৬ জন টালি ক্লার্ক ও ২৩৯ জন হ্যাচ ফোরম্যান রয়েছেন।
আন্দোলনকারীদের সবাই বিভিন্ন সময়ে বন্দরের স্টিভেডরসদের নিয়োগ করা কর্মচারী ছিলেন।
২০০৮ সালের ১ আগস্ট শ্রম সংশোধন অধ্যাদেশের মাধ্যমে ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তির সঙ্গে সঙ্গে কল স্টেশন বা বুকিং প্রথা বাতিলের মাধ্যমে তারা চাকরিচ্যুত হন।
মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের সভাপতি সামসুল আলম জানান, সোমবার ভোর থেকে মংলা বন্দর কল স্টেশন চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
সকাল থেকে সমাবেশ স্থলে বক্তব্য রাখেন মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি ফরিদুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক অশোক কুমার বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু বক্কর মোল্লা প্রমুখ।
বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে কর্মচারীদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের জন্য স্টিভেডরসদের প্রতি আহ্বান জানান।
মংলা বন্দর স্টিভেডরস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহম্মদ খোকন জানান, দীর্ঘদিন পর এ বছর ফেব্র"য়ারি মাসে নির্বাচনের মাধ্যমে তার কমিটি স্টিভেডরস অ্যাাসোসিয়েশনের দায়িত্ব পেয়েছে। পুরাতন কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেনি। তাছাড়া সংগঠনের তহবিল বলতে গেলে শূণ্য। চাকরিচ্যুত কর্মচারীদের সমস্যাগুলো এত দ্রুততম সময়ে সমাধান করা সম্ভব না।
এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম. ফারুক বিএন জানান, তিনি এব্যাপারে কিছু জানেন না।
তিনি বলেন, "চাকরিচ্যুত এসব কর্মচারীর সম্পর্ক স্টিভেডরসদের সঙ্গে। বন্দরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।"
এদিকে মংলা বন্দরে কোনো জাহাজ না থাকায় সোমবার বন্দরে কোনো কাজ হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১৪৪৩ ঘ.
bdnews24