সিরাজগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করায় ছাত্রলীগ কর্মীদের প্রতিবাদের মুখে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে পুলিশে দেন অধ্যক্ষ অধ্যাপক ড. এসআইএমএ রাজ্জাক।
বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা মো. আতাউর রহমান নামের ওই শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়াসহ ২৪ ঘণ্টার মধ্যে তাকে আপসারণের দাবি করেছে।
ছাত্রলীগের নেতা-কর্মী ও কলেজের ছাত্র-ছাত্রীদের রবাত দিয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ক্লাশে পাঠদানের সময় সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান ছাত্র ছাত্রীদের বলেন, শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীনতার ঘোষক ছিলেন না। তিনি সত্যিকারের স্বাধীনতা বিরোধী রাজাকার ছিলেন। তিনি বরং ফাঁসির ভয়ে আত্মরক্ষার জন্য পালিয়েছিলেন।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষকের এ ধরনের কটুক্তি শুনে সাধারণ ছাত্র ছাত্রীসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উক্ত শিক্ষকের উপর বিক্ষুদ্ধ হয়ে উঠে তাকে লাঞ্ছিত করে।
এ সময় শিক্ষক আতাউর পাশের বিভাগে গিয়ে আশ্রয় নিলে বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা ৩-৪টি ক্লাশ রুম ভাঙচুর করে। তারা এ সময় উক্ত শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাসহ ২৪ ঘণ্টার মধ্যে অপসারনের দাবি জানায়।
ওসি আজাদ সাংবাদিকদের জানান, এখনও কেউ মামলা দেয়নি। তবে পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষকের নিরাপত্তার সার্থে তাকে থানায় আনা হয়েছে।
অধ্যক্ষ এসআইএমএ রাজ্জাক জানান, ছাত্রদের ভাষ্যমতে ক্লাশ নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবরের বিরুদ্ধে কটুক্তি করায় ছাত্রদের তোপের মুখে পড়েন আতাউর রহমান।
অধ্যক্ষ বলেন, তাকে ছাত্রদের হাত থেকে বাঁচাতে আপাতত পুলিশ হেফাজতে থানায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৭ ঘ.
bdnews24