ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লুতে আরও একজনের আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে।
ভারতে সোয়াইন ফ্লু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় বাংলাদেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রস্তুতি চলছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান শুক্রবার সোয়াইন ফ্লুতে নতুন একজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, সোয়াইন ফ্লু আক্রান্ত ৩১ জনই সুস্থ হয়ে উঠেছেন।
আইইডিসিআর এর অধীনে আক্রান্তদের চিকিৎসা চলছে।
ভারতে সোয়াইন ফ্লুতে এক সপ্তাহে অন্তত ২০ জনের মৃত্যু হওয়ার পর বাংলাদেশ সংক্রমণ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়।
আইইডিসিআর পরিচালক মাহমুদুর রহমান জানান, সোয়াইন ফ্লু আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি হাসপাতালের বহির্বিভাগকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। ভারতে ক্রম অবনতিশীল সোয়াইন ফ্লু পরিস্থিতির প্রেক্ষাপটে যে কোনও সময় আমাদের যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি থাকতে হবে।"
ভারত সীমান্তেও স্থল বন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/ ১২৪১ ঘ.
bdnews24