ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধ এলাকায় ১৫ আগস্টের অনুষ্ঠানের নামে চাঁদাব দাবিতে ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে।
একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বেড়ীবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যানে অবস্থিত 'জীবনের আলো' নামে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটির পরিচালক রাশেদুল্লাহর অভিযোগ যুবলীগ নেতা শফিক মঙ্গলবার রাতে তার কাছে 'আগস্টের অনুষ্ঠান' (১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠান) করার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিতে এসেই বুধবার সকালে শফিক ও তার সঙ্গীরা সেখানে ভাঙচুর চালান এবং কর্মচারীদের মারধর করে টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মমিনউর রহমান শিকদার বলেন, "শফিক যুবলীগের কেউ নয়। সে যুবলীগের নাম ব্যবহার করেছে। তার দায়িত্ব যুবলীগ নেবে না।"
নিরাময় কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, একতলা টিনশেড ভবনটির জানালার কাঁচ ভাঙা। অফিস কক্ষের চেয়ার, জিনিসপত্র লণ্ডভণ্ড। মেঝেভর্তি কাঁচ আর ইটের টুকরো। এর সামনের 'সালাম ইন্টারন্যাশনাল' নামে ঠিকাদারী প্রতিষ্ঠানেও চাঁদার দাবিতে ভাঙচুর চালিয়েছে যুবলীগ কর্মীরা। ঠিকাদারী প্রতিষ্ঠানটির ভেতরে কাঁচের পার্টিশন ভাঙা ছাড়াও জিনিসপত্র তছনছ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানেরও এক কর্মচারীকে মারধর করা হয়েছে।
রাশেদুল্লাহ সাংবাদিকদের বলেছেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় যুবলীগ নেতা শফিক, সাজাই, কালামাসুদ, মশা, বিষ্টুসহ ২০/২৫ জন তার কাছে চাঁদা চাইতে এসে ওই কাণ্ড ঘটায়। এসময় আরও কিছু নেতা-কর্মী বাইরের রাস্তায় অপেক্ষা করছিল।
হামলাকারীরা তার অফিস থেকে ১৬ হাজার ৬০০ নগদ টাকা ও দু'টি মোবাইল ফোন নিয়ে গেছে বলে রাশেদুল্লাহ অভিযোগ করেছেন।
নিরাময় কেন্দ্রের স্বেচ্ছাসেবক নাজমুল ইসলাম বলেন, ছয়মাস আগে একবার চাঁদা চেয়েছিল ওই 'সন্ত্রাসীরা'। পরে স্থানীয় কমিশনারের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়।
ভাঙচুরের শিকার ঠিকাদারী প্রতিষ্ঠান সালাম ইন্টারন্যাশনালের এক কর্মচারী জানান, তাদের মালিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা পরিশোধ না করায় তারা সকালে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ও এক কর্মচারীকে মারধর করে।
ঘটনাস্থলে গিয়ে দেখা মেলে স্থানীয় যুবলীগ নেতা মমিনউর রহমান শিকদারের। তিনি বলেন, "এরা সবাই স্থানীয় সন্ত্রাসী। এরা কেউ যুবলীগের কর্মী নন।"
তবে নিরাময় কেন্দ্রটির কর্মচারীদের অভিযোগ তাদের হুমকি দিতেই ঘটনাস্থলে এসেছিলেন যুবলীগ নেতা শিকদার।
এ বিষয়ে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক হাফিজউদ্দীন জানান, মারামারি হচ্ছে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
উপ পরিদর্শক বলেন, "আমরা শুনেছি ওই নিরাময় কেন্দ্রে একটি ছেলেকে মারধর করা হচ্ছিল। পরে যুবলীগ নেতা শফিক গিয়ে তাকে ছুটিয়ে আনে। ঘটনার পর কিছু বিক্ষুব্ধ লোক গিয়ে সেখানে ভাঙচুর করে।"
তিনি আরও বলেন, "কেন্দ্রটির পরিচালক স্বপন আমাকে বলেছে তার কাছে চাঁদা চেয়েছে শফিক। তবে এ বিষয়ে তিনি লিখিত কোনও অভিযোগ করেননি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসকে/২১২২ঘ.
bdnews24