ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর রায়েরবাজারে সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে আহত স্বর্ণের দোকানের কর্মচারী উৎপল মজুমদার (৩৫) বুধবার ভোরে মারা গেছেন।
এ তথ্য জানিয়েছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
সোমবার সন্ধ্যায় রায়েরবাজারের শেরেবাংলা রোডের সুভাষ জুয়েলারিতে ঢুকে সন্ত্রাসীরা উৎপলকে গুলি করে কয়েকভরি স্বর্ণ ও ১৩ হাজার টাকা লুটে নিয়ে যায়।
ওই সময় জনতা-পুলিশের ধাওয়ার মুখে পালানোর সময় বিদেশি পিস্তলসহ সায়মন (২০) নামে এক সন্ত্রাসীকে ধরে ফেলে র্যাব।
ওসি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার ভোর ৫টার দিকে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে উৎপল মারা যায়।"
উৎপলকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে সিকদার হাসপাতালে নেওয়া হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রাজ্জাক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24