২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও বগুড়ায় প্যাথেডিন ইনজেকশনসহ ভারতীয় পণ্য আটক

ঢাকার সাভার ও বগুড়ায় মঙ্গলবার কুরিয়ার সার্ভিসের গাড়ি এবং গুদাম তল্লাশি করে অবৈধভাবে আনা প্যাথেডিন ইনজেকশনসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

সাভার, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার ও বগুড়ায় মঙ্গলবার কুরিয়ার সার্ভিসের গাড়ি এবং গুদাম তল্লাশি করে অবৈধভাবে আনা প্যাথেডিন ইনজেকশনসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। এর মধ্যে দুপুরে সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ডে দুটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্যাথেডিন ইনজেকশনসহ বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। ভোরে বগুড়ায় পৃথক দুটি অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি পিস ও ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় একজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সাভার: উদ্ধার করা পণ্যের মধ্যে আছে- সাড়ে চার হাজারটি প্যাথেডিন ইনজেকশন, সাড়ে চারশ' পিস ভেটনোভেট-এন ক্রিম, ছয় বস্তা ইমিটেশনের চুড়ি এবং এক বস্তা শাড়ি। আশুলিয়া থানার উপ-পরির্দশক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর-কালিয়াকৈর সড়কের সাভার শ্রীপুর বাসস্ট্যান্ডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ড-১১-১৫১৪) এবং আই পোস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৬০৮) আটক করা হয়। কার্ভাড ভ্যান দুটি থানায় এনে তল্লাশি করে অবৈধভাবে আনা পণ্যগুলো উদ্ধার করা হয়। এসআই সাত্তার জানান, প্যাথেডিন ইনজেকশনগুলো দিনাজপুরের ফুলবাড়িয়ার বাজার রোডের মিতু ইলেকট্রনিক্স থেকে বুকিং দেওয়া হয় রাজাধানীর চকবাজারের সাথিয়া স্টোরের নামে। চুড়ি ও শাড়িগুলো আই পোস্ট কুরিয়ার সার্ভিসের কুষ্টিয়া শাখা থেকে বুকিং দেওয়া হয় রাজধানীর প্রধান কার্যালয়ের ঠিকানায়। কাভার্ড ভ্যান দুটি কুরিয়ার সার্ভিস কতৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে বলে তিনি জানান। বগুড়া: পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩৫০টি ভারতীয় শাড়ি, ২০০টি থ্রি পিস, পর্দার কাপড় চার রোল ও শার্টের কাপড় ১৫ রোল এবং ৩৬৫ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় শহরের সুত্রাপুরস্থ দেশ কুরিয়ার সার্ভিসের গুদামে পুলিশ অভিযান চালায়। ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, থ্রি পিস গুদাম থেকে অন্যত্র পাঠানোর জন্য কাভার্ড ভ্যানে তোলার সময় আটক করা হয়। তিনি জানান, ভোর সাড়ে ৫টায় বগুড়ার পুরাতন রেলগেট এলাকায় দিনাজপুরের হিলি থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে (ঢকা-মেট্রো-ক-০৩-২১৪৪) তল্লাশি চালিয়ে ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় চালক আমির হোসেনকে। তার বাড়ি গাজিপুরের টঙ্গী এলাকায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে এসআই লুৎফর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৩ ঘ.