ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ড. কাজী ফারুক আহমেদ প্রশিকা কার্যালয়ে যেতে পারবেন বলে রায় দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আবদুস সালামের একক হাইকোর্ট বেঞ্চ কাজী ফারুকের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
কাজী ফারুককে চেয়ারম্যানের পদ থেকে বাদ দেওয়ার গত ২৪ মে-র সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন খারিজের নিু আদালতের আদেশ হাইকোর্ট বাতিল করে দিয়েছে।
তবে প্রশিকার কমিটির কার্যক্রমের ওপর স্থিতাবস্থার আদেশ দিয়েছে আদালত।
আদেশের পর ড. কাজী ফারুকের একজন কৌসুলী ব্যারিস্টার মোহাম্মদ মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," এই রায়ের ফলে ড. কাজী ফারুক আহমেদ প্রশিকা কার্যালয়ে যেতে পারবেন।"
অন্যদিকে গত ২৪ মে-র সিদ্ধান্তে নতুন চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ ওয়াদুদের একজন কৌসুলী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, "প্রশিকার বতর্মান কমিটির কার্যক্রম যেভাবে চলছে সেভাবেই চলবে। ড. কাজী ফারুক আহমেদ প্রশিকার কার্যালয়ে যেতে পারবেন। তবে তার লোকজন নিয়ে যেতে পারবেন না।"
গত ২৪ মে প্রশিকার চেয়ারম্যানের পদ থেকে ড. কাজী ফারুক আহমেদকে বাদ দেয় পরিচালনা কমিটি।
কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ঢাকার সহকারি জজ আদালতে ঘোষণামূলক মামলা করেন। পাশাপাশি তিনি গত ২৪ মের সিদ্ধান্তের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান।
গত ৩১ মে ওই আদালত ফারুকের নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়। এই আদেশের বিরুদ্ধে তিনি ঢাকার জেলা জজ আদালতে আবেদন করেন।
জেলা জজ আদালত গত ৬ জুন সে আবেদন খারিজ করে দেয়। এই আদেশের বিরুদ্ধে কাজী ফারুক হাইকোর্টে আবেদন করলে গত ১ জুলাই আদালত রুল জারি করে জানতে চান কেন জেলা জজের আদেশ বাতিল করা হবে না।
সে রুলের ওপরই উভয় পক্ষের শুনানি গ্রহণ করে রায় দেয় হাইকোর্ট ।
কাজী ফারুকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার মোহাম্মদ মোতাহার হোসেন।
এম এ ওয়াদুদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। তাদের সহায়তা করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১১৬ঘ.
bdnews24