২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া অপসারণ করেছে বিডিআর

পঞ্চগড় সীমান্ত এলাকার একটি অমিমাংসিত জায়গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দেওয়া কাঁটা তারের বেড়া বিডিআর সদস্যরা অপসারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সীমান্ত এলাকার একটি অমিমাংসিত জায়গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দেওয়া কাঁটা তারের বেড়া বিডিআর সদস্যরা অপসারণ করেছে। রোববার দুপুরে পঞ্চগড়ের মালকাডাংগা বর্ডার আউটপোস্টের (বিওপি) ৮ কিলোমিটার দূরে পাহাড়ীপাড়া গ্রামে বিএসএফ সদস্যরা বিডিআরের আপত্তি সত্ত্বেও ওই বেড়া দেয়। বিডিআর এর পরিচালক (অপরেশন) কর্নেল মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই এলাকায় প্রায় ১৫ একর জমি রয়েছে যা বিডিআর ও বিএসএফ দুই পক্ষই দাবি করে আসছে। সেখানে বিএসএফ সদস্যরা পাঁচ ফুট উঁচু বাঁশের খুটি দিয়ে ৪০ গজ লম্বা কাঁটাতারের বেড়া দিয়েছিল।" ঘটনা জানার পরপরই দুপুরে সেখানে গিয়ে বিডিআরের মালকাডাংগা বিওপির অধিনায়ক বাধা দেন ও এর প্রতিবাদ জানান। জসিম উদ্দিন আরো জানান, বিএসএফ সদস্যরা কোন জবাব না দিয়েই বেড়া তৈরির কাজ শেষ করে চলে যায়। পরে বিডিআর সদস্যরা ভারি অস্ত্র নিয়ে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে এক পর্যায়ে কাঁটাতারের বেড়াটি অপসারণ করে। এদিকে, একইদিন এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গিয়ে বিএসএফ সদস্যরা নির্যাতন করেছে বলে বিডিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কিরণগঞ্জ বিওপির কাছে গরু চরানোর সময় মইমুর রহমান (৪০) নামে ওই ব্যাক্তিকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএনএস/এএল/এইচএ/২৩০০ ঘ.