ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিমান বন্দর এলাকায় মঙ্গলবার গাড়ির ভেতর থেকে একটি জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম আব্দুল হক (৩৮) বলে জানিয়েছে পুলিশ।
বিমান বন্দর থানার উপ-পরিদর্শক আজগর আলী জানান, মঙ্গলবার সকালে বিমান বন্দর এলাকার কাওলা ওভারব্রিজের নিচে একটি ব্যক্তিগত গাড়ির (ঢাকা মেট্রো ক ০২-০৯৭৭) ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই গাড়িটি আব্দুল হকের নিজের।
আব্দুল হক আগে রেন্ট এ কারের ব্যবসা করতেন। পরে পুরনো গাড়ি কিনে সেটি দিয়ে স্কুল শিক্ষার্থীদের আনা-নেওয়া করতেন।
নিহতের স্ত্রী ইয়াসমিন মৃতদেহটি তার স্বামীর বলে সনাক্ত করেন। পুলিশ বলেছে গাড়ি বিক্রি নিয়ে কিছুদিন ধরে শুক্কুর, হাসন মাঝি, মাসুদ মাঝি ও কামাল নামে কয়েকজনের সঙ্গে তার স্বামীর কথাবার্তা চলছিল বলে ইয়াসমিন বলেছেন। তার ধারণা, এ নিয়ে বিরোধের কারণেই আব্দুল হককে হত্যা করা হয়েছে।
ইয়াসমিনের দেওয়া তথ্য অনুযায়ী দুপুরে উত্তরখান থানার শাহ কবির মাজারের পেছন থেকে শুক্কুর আলী (২৫) ও হাসন মাঝি (২৮) কে পুলিশ গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/এসকে/২৩৫৭ঘ.
bdnews24