ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেল স্টেশনে জনতার অবরোধের কারণে রোববার ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
পাঘাচং স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ওই অবরোধ হয়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুন্সী সাংবাদিকদের বলেন, "কয়েকশ মানুষ সকালে তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে।"
ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনতা সহকারী স্টেশন মাস্টারকে তার কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়া দিলে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।"
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। সকাল ১০টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩২৩ ঘ.
bdnews24