পাবনা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস দমনের জন্য প্রয়োজনে বিএনপিকে নিয়ে মোর্চা গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সন্ত্রাসের সঙ্গে নতুন করে জঙ্গিবাদ যোগ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা, এমনকি প্রয়োজনে বিরোধীদল বিএনপিকে নিয়ে মোর্চা গঠন করে সন্ত্রাস দমনে পদক্ষেপ নেওয়া হবে।"
সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে শামসুল হক বলেন, "সন্ত্রাসী যদি আমার ভাই অথবা আওয়ামী লীগের নেতাও হয় তাকে গ্রেপ্তার করবেন।"
জেলা প্রশাসক এএফএম মনজুর কাদিরের সভাপতিত্বে সভায় সাংসদ শামসুর রহমান শরীফ, সাংসদ মকবুল হোসেন, পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24