চট্টগ্রাম, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পর্যায়ক্রমে পুনর্বহালের চিন্তা-ভাবনা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ফেডারেশনের দাবির ব্যাপারে মতামত জানতে চাওয়া হলে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। শ্রমিক সংগঠনের জোটটি বলছে ওই সময় ১৫ হাজার শ্রমিককে ছাটাই করা হয়েছিল।
শনিবার স্থানীয় সাংসদ, বন্দর কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাদা বৈঠক শেষে বিকেলে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা পুর্নবহালের দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছে। তাদের আন্দোলনের মুখে দু'দফা কয়েক ঘণ্টার জন্য বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।
শাহজাহান খান আরও বলেন, "বন্দর পরিচালনায় দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।"
এছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মংলা বন্দরেরও আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
দেশের প্রধান বন্দরের শ্রমিকরা আগে ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের আওতায় কাজ করতো। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বার্থ অপারেটর পদ্ধতিতে শ্রমিক নিয়োগ করা শুরু হয়। এ প্রক্রিয়ায় বহু শ্রমিক কাজ হারিয়েছে বলে শ্রমিক নেতাদের দাবি।
তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা ব্যবস্থাপনায় বন্দরের কর্মদক্ষতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল যাতে বন্দরে মাল ওঠানামার জন্য জাহাজের অবস্থানের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
গত ৩১ জুলাই নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান শাহজাহান খান।
শনিবার বন্দর ভবনে অনুষ্ঠিত এসব বৈঠকে মন্ত্রী শ্রমিক রাজনীতির কারণে চট্টগ্রাম বন্দরে যাতে আগের মতো অস্থিতিশীলতা ও স্থবিরতা নেমে না আসে সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এসময় তিনি বন্দরকে স্বাভাবিক ও সচল রাখতে সবার প্রতি আহবান জানান।
এছাড়া বন্দরের অগ্রাধিকার তালিকায় ন্যায্য পাওনা দিয়ে শ্রমিক অসন্তোষ দূর করা, নাব্যতা রক্ষায় ক্যাপিটাল ড্রেজিং, বহুতল কার পার্কিং ভবন, ২৫০ শয্যার হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
বিকেলে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী ছাটাইকৃত শ্রমিকদের অধিকার 'যুক্তিসংগতভাবে' ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।
শ্রমিক রাজনীতি উন্মুক্ত করে দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে শাজাহান খান বলেন, "সরকার ট্রেড ইউনিয়ন না থাকার পক্ষে কথা বলেনি। বন্দরেও ট্রেড ইউনিয়ন হবে। তবে একটি সিবিএ এবং একটি ইউনিয়ন থাকবে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে সকালে বন্দর চেয়ারম্যানের কক্ষে স্থানীয় তিন সাংসদের সঙ্গে বৈঠক করেন শাহজাহান খান। এতে নৌ-পরিবহন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য সাংসদ শামশুল হক চৌধুরী, বিএনপি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব উপস্থিত ছিলেন।
এর পর মন্ত্রী বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে কর্মকর্তারা তাকে বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড সর্ম্পকে অবহিত করেন। এতে বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জোবায়ের আহমেদ, সদস্য অর্থ হারুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শাহজাহান খান। এতে চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ফেডারেশনের আওতাভুক্ত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রী বিকেলে বন্দরের কার্যক্রম ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২০২৫ঘ.
bdnews24