২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আরও তিনটি সেনা ক্যাম্প প্রত্যাহার

খাগড়াছড়ির দুটি উপজেলা থেকে আরও তিনটি অস্থায়ী সেনা ক্যাম্প শনিবার প্রত্যাহার করা হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের অংশ হিসেবে এসব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

খাগড়াছড়ি, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির দুটি উপজেলা থেকে আরও তিনটি অস্থায়ী সেনা ক্যাম্প শনিবার প্রত্যাহার করা হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের অংশ হিসেবে এসব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হচ্ছে। (আরও তথ্যসহ) গুটিয়ে নেওয়া লক্ষ্মীছড়ি উপজেলার মঘাইছড়ি ইউনিয়নের দাইনছড়ি, মানিকছড়ি উপজেলার দশবিল ও গচ্চাবিল সেনা ক্যাম্পে জনবল ছিল আনসার সদস্যসহ ১২০ জন। ক্যাম্প তিনটির সেনা সদস্যদের গুইমারা ব্রিগেড সদর দপ্তরে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে, লক্ষ্মীছড়ি উপজেলার দাইনছড়ি সেনা ক্যাম্প প্রত্যাহারের খবর শুনে উপজেলার মঘাইছড়ি গুচ্ছ গ্রাম ও আশপাশ এলাকার বাঙালিরা শনিবার সকাল থেকে ক্যাম্পটি অবরোধ করে রাখে। এক পর্যায়ে তারা লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কও অবরোধ করে। শুক্রবার জেলার মানিকছড়ি উপজেলার মহালছড়ি ইউনিয়ন থেকে একটি সেনা ক্যাম্প প্রত্যাহারের মধ্য দিয়ে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। ২৯ জুলাই সরকার পার্বত্য তিন জেলা থেকে ৩৫টি সেনা ক্যাম্প এবং এক বিগ্রেড সেনা প্রত্যাহার করার ঘোষণা দেয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ব্রিগেডের আওতাধীন দুটি অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। বিকেলে মানিকছড়ি উপজেলার গচ্চাবিল সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। মানিকছড়ির একজন স্থানীয় সাংবাদিক এবং গচ্চাবিল ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল ৫টার দিকে মানিকছড়ির গচ্চাবিল সেনাক্যাম্প প্রত্যাহার সম্পন্ন হয়। পানছড়ি উপজেলার ছনপিলা ক্যাম্পটি আজ অথবা আগামীকালের মধ্যে প্রত্যাহার করা হতে পারে বলে জানান জেলা প্রশাসক। এ ছাড়া মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা, বাইলাছড়ি ও পলাশপুর ক্যাম্প, মানিকছড়ি উপজেলার কালাপানি ক্যাম্প, গুইমারার জাইলাপাড়া ও হাফছড়ি ক্যাম্পসহ অন্যান্য ক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে জেলা প্রশাসক আব্দুল্লাহ জানান। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছলিম উল্লাহ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্তত ৫ শ' বাঙালি নারী-পুরুষ সকাল থেকে সেনা ক্যাম্পের পাশে জড়ো হতে থাকে। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তারা লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়ক অবরোধ করে। ইউএনও জানান, তিনি নিজে, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আবু আহমেদ আল মামুন এবং লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। এ সময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সবাইকে বলেন, "গুচ্ছ গ্রামবাসীদের নিরাপত্তার জন্য আর্মি ক্যাম্পের স্থলে প্রয়োজনে পুলিশ ক্যাম্প ব্যবস্থা জোরদার করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২১০১ ঘ.