ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চল থেকে সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় শনিবার তিনি এ দাবি জানান। সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারাও আদিবাসী এ নেতার দাবির সঙ্গে সহমত পোষণ করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ওই সভায় আদিবাসীদের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং আদিবাসী নির্যাতন বন্ধের দাবিও জানানো হয়।
আদিবাসী সংগঠনসহ বিভিন্ন দল ৯ আগস্ট সারাবিশ্বের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে। এ উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম ঘেষিত চার দিনের কর্মসূচির অংশ ছিল শহীদ মিনারের ওই সভা।
পার্বত্য শান্তি চুক্তির অংশ হিসেবে সরকার শুক্রবার থেকে পার্বত্যাঞ্চল থেকে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহারের কাজ শুরু করেছে। সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করা হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, "এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আমরা বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম থেকে সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করতে হবে। অপারেশন উত্তরণের নামে সেখানে সেনা শাসন চলছে। তা বন্ধ করতে হবে।"
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের কালক্ষেপণের সমালোচনা করে পাহাড়ি নেতা বলেন, "বর্তমান সরকার আদিবাসীদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে ক্ষমতায় এসেছে। কিন্তু সাত মাসেও তাদের অঙ্গীকার বাস্তবায়নের উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ আমরা দেখিনি।"
১৯৯৭ সালে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি করে সরকার। কিন্তু এটি পুরোপুরি এখনও বাস্তবায়িত হয়নি। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সন্তু লারমা।
অধিকার আদায়ে আদিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সন্তু লারমা বলেন, " আদিবাসীরা এখনও অত্যাচার ও নির্যাতনের শিকার। তাই ঘরে বসে থাকলে হবে না, চুক্তি বাস্তবায়ন ও ভূমি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এজন্য শুধু সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। আন্দোলন ও সংগ্রামকে নতুন করে উজ্জীবিত করতে হবে।"
আদিবাসী দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চেয়ারম্যান মনজুরুল আহসান খান।
তিনি বলেন, "বাংলাদেশের আদিবাসীরা এখনও জাতিগত শোষণ বন্ধ এবং সাংবিধানিক অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। অথচ বাঙালী ও আদিবাসী নির্বিশেষে সবাই বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। আমাদের মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি, এ লড়াইও তার একটি অংশ।"
পার্বত্যাঞ্চল থেকে আংশিক সেনা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রাম থেকে পর্যায়ক্রমে সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করতে হবে। এটি কোন অধিকৃত এলাকা নয় যে সেখানে আমাদের শক্তি বাড়াতে হবে।"
পার্বত্যাঞ্চলে বেসামরিক প্রশাসনের ওপর সেনাবাহিনী হস্তক্ষেপ রয়েছে অভিযোগ করে তা বন্ধেরও দাবি জানান সিপিবি সভাপতি।
আদিবাসী দিবস সরকারিভাবে পালিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ক্ষমতাসীন জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন।
তিনি বলেন, "১৪ দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের স্বীকৃতি দেয়ার অঙ্গীকার সত্ত্বেও এ বছরের আদিবাসী দিবস সরকারিভাবে পালন হচ্ছে না। সব আন্দোলন সংগ্রামে আদিবাসীরাও আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তাদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করি।"
তিনি পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য ৩৮ বছরেও আদিবাসীদের দাবি পূরণ না হওয়াকে 'অগৌরবের' উল্লেখ করে বলেন, "তাদের জন্য ভূমি কমিশন গঠন করা হয়েছে, কিন্তু কোনও আইন নেই। সরকার দ্রুত এজন্য আইন প্রণয়ন করবে বলে আশা করি।"
একইসঙ্গে সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করার আহ্বান জানান তিনি।
সন্তু লারমার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বেসরকারি প্রতিষ্ঠান 'নিজের করি'র প্রধান খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আদিবাসী গবেষক মেসবাহ কামাল, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।
আলোচনার পর আদিবাসী ও বাঙালিদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরে শেষ হয়।
ঢাকার বিভিন্ন আদিবাসী সংগঠন ওই সভা ও শোভাযাত্রায় অংশ নেয়।
আদিবাসী দিবস উপলক্ষে চারদিনের কর্মসূচি পালন করছে আদিবাসী ফোরাম। পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ৯ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও ১০ আগস্ট ধানমন্ডির ডাব্লিওভিএ মিলনায়তনে একটি প্রকাশনা অনুষ্ঠান।
ঢাকার বাইরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আদিবাসী দিবস পালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬২০ ঘ.
bdnews24