২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বে অবহেলা করলে কঠোর শাস্তি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে শিথিলতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

পাবনা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে শিথিলতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) যে কোন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে শিথিলতা বরদাশত করা হবে না। দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" শুক্রবার সকাল সাড়ে ১১টায় পাবনার সাঁথিয়া উপজেলায় পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "সন্ত্রাসী এবং জঙ্গিবাদের সঙ্গে কোন আপস নেই। সন্ত্রাসী যদি আমার ভাইও হয় অথবা দলের লোক হয় তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পৌর মেয়র মিরাজুল ইসলাম, ইউএনও আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, সেলিমা রহমান শেলী, মোজাম্মেল হক খান, কৃষি কর্মকর্তা লোকমান হোসেন প্রমুখ। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার ৭০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের হাতে অনুদানের চেক তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বৃক্ষমেলার শোভাযাত্রায় অংশ নেন তিনি। দুপুর দেড়টার দিকে প্রতিমন্ত্রী সাঁিথয়া উপজেলার ৫০ শয্যার হাসপাতালের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.