২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার নিয়ে সেক্টর কমান্ডারস ফোরামের সংশয়

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি ও উদ্যোগ সত্ত্বেও আদৌ তাদের বিচার হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'যুদ্ধাপরাধী বিচারে প্রাসঙ্গিক চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বেশিরভাগ বক্তাই যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি ও উদ্যোগ সত্ত্বেও আদৌ তাদের বিচার হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'যুদ্ধাপরাধী বিচারে প্রাসঙ্গিক চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বেশিরভাগ বক্তাই যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত না থাকারও সমালোচনা করেন তারা। সেক্টর কমান্ডারস ফোরাম এ বৈঠকের আয়োজন করে। মুক্তিযুদ্ধের উপ-সেনা অধিনায়ক এ কে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব অবসরপ্রাপ্ত লে. জেনারেল এম হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, সাংসদ রাশেদ খান মেনন, সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, এম আমিরুল ইসলাম, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, এ এস এম শামসুল আরেফিন প্রমুখ। শফিউল্লাহ বলেন, "সরকারের গত সাত মাসের কর্মকান্ডে আমাদের মধ্যে আশংকা সৃষ্টি হয়েছে যে আদৌ যুদ্ধাপরাধীদের বিচার হবে কি না? সরকার বলছে কাজ হচ্ছে, কিন্তু কোথায় কাজ হচ্ছে? গত তিন-চার বছর যারা সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে ছিল, যারা মহাজোটকে ভোট দিয়ে বিজয়ী করেছে, আমরা তাদেরকে আশ্বস্থ করতে পারছি না যে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।" তিনি আরও বলেন, "আমার মনে হয় এ বিচার শেষ করতে সরকার মানসিকভাবে প্রস্তুত নয়। তাই যদি হয়, তাহলে নতুন প্রজন্ম সরকারকে ক্ষমা করবে না।" আমিরুল ইসলাম বলেন, "আমি বলবো, যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি কিছুই হয়নি। এ বিচারের জন্য সংকল্পবদ্ধ যে ইচ্ছা সেটাই এখনো তৈরি হয়নি। কোনও ফ্যাক্টসই সংগ্রহ হয়নি। বিচার হবে কিভাবে? বরং এ ক্ষেত্রে পাকিস্তান অনেক এগিয়ে। তারা হামিদুর রহমান কমিশন গঠন করে অনেক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। অথচ আমাদের সরকার এখনো ঘুমিয়ে আছে। এমনকি তাদের কাছে ১'শ ৭৩ জন পাকিস্তানী সৈন্যর নাম পর্যন্ত নেই।" তিনি আরও বলেন, "আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, কিন্তু তা খন্ডিত। কেননা ষড়যন্ত্র কোথায় হলো, ফারুক-রশিদ কোথা থেকে এলো, কারা কারা জড়িত এর কিছুই আমরা উদঘাটন করতে পারিনি। তেমনি ভাবে জেলহত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, জিয়া হত্যা মামলা এর কোনটিরও বিচার শেষ করা যায় নি। তাই সঠিকভাবে বিচার করতে না পারলে, হত্যা হতেই থাকবে।" মূল প্রবন্ধে হারুন-অর-রশিদ বলেন, "সদ্য সমাপ্ত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আলোচনা হলে দেশের সর্ববৃহৎ দলটির মাঠ পর্যায়ের কর্মীরা নিজেদের অধিকতর সমৃদ্ধ ও সচেতন করতে পারতো। যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের তৎপরতা সম্পর্কে সময়ের প্রয়োজনে কার্যকর ভূমিকা নিতে পারতো। কিন্তু দূর্ভাগ্যবশত কাউন্সিল অধিবেশনে এ ব্যাপারে কোনো আলোচনাও হয়নি এবং কর্মীদের কোনো দিক নির্দেশনাও দেওয়া হয়নি। এই নীরবতা দেশবাসীকে ভীষণভাবে হতাশ করেছে।" তিনি যুদ্ধাপরাধীদের বিচারে সম্ভাব্য চ্যালেঞ্জকে রাজনৈতিক ও প্রশাসনিক এই দুই ভাগে বিভক্ত উল্লেখ করে আরও বলেন, গত চার যুগে দেশের যে আর্থ-সামাজিক পরিবর্তন হয়েছে, তাতে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীরাই সুপ্রিতিষ্ঠিত হয়েছে। বর্তমানে তারা জনমত তৈরিসহ দেশি-বিদেশী মিডিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তাদের সহযোগী হয়েছে পাকিস্তান। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হারুন-অর-রশিদ বলেন, জীবন্ত সাক্ষীদের বিচার প্রক্রিয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে। এসব সাক্ষীদের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে বিচার কাজে সম্পৃক্ত বিচারকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দীপু মনি বলেন, "এই বিচার প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী স্বরাষ্ট্র ও আইন মন্ত্রী এখানে উপস্থিত নেই। যাই হোক আমরা এই বিচারের অঙ্গীকার করেছি। যুদ্ধাপরাধের বিচার হতেই হবে। না হলে এদেশে বিচার না হওয়ার যে সংস্কৃতি চালু হয়েছে তা থেকেই যাবে। বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিকভাবে জনমত তৈরি, দলিল-প্রমাণ সংগ্রহ, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগসহ আমার মন্ত্রণালয়ের যেসব কাজ আছে তা দ্রুতই করা হবে।" শামসুল আরেফিন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিল পাস হয়েছে, আইন সংশোধন হয়েছে, বাজেটও বরাদ্দ হয়েছে। কিন্তু তারপরও কেন শুরু হচ্ছে না তা বুঝতে পারছি না। দলিল-পত্র সংগ্রহের জন্য সরকারের এখনো কোনও উদ্যোগ নেই। অথচ সব সংগঠনগুলোকে সমন্বিত করে এই কাজ করা যেতে পারতো। আয়শা খানম বলেন, "গত সাত মাসে কতটা কাজ হয়েছে, আশা করেছিলাম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র- এই তিন মন্ত্রী বলবেন। কিন্তু তা হলো না। বলা হচ্ছে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু আমার প্রশ্ন কীভাবে ঐক্যবদ্ধ? সরকার কি আদৌ আন্তরিকভাবে জনগণের সহযোগিতা চান? চাইলে সেটা কীভাবে?" তিনি আরও বলেন, "আমরাতো জানিই পাকিস্তান আমাদের সাহায্য করবে না। কিন্তু তারপরও কেন পাকিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে? আজ এটা স্পষ্ট যুদ্ধাপরাধীদের বিচার না হলে এ দেশ পাকিস্তানের পরিণতি লাভ করবে।" রাশেদ খান মেনন বলেন, "জামায়াত কোটি কোটি টাকা সংগ্রহ করেছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য। অথচ আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবলার জন্য কোনও পরিকল্পনা করতে পারিনি। ইতিমধ্যেই একাত্তরের অনেক ঘটনাই জাতি বিস্মৃত হতে বসেছে।" সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, "আজকের আলোচনাটার খুবই দরকার ছিল। ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগে মহাজোটের নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার করার। আজ এটা বলতে দ্বিধা নেই যে, সেক্টর কমান্ডারস ফোরামের গত তিন বছরের কর্মতৎপরতা মহাজোটকে নির্বাচিত হতে সাহায্য করেছে। "আমাদের আহ্বানেই নতুন প্রায় ৩৩ শতাংশ ভোটার এই জোটকে ভোট দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের যে আন্দোলন, তা আমরা চালিয়ে যাবো। এই আন্দোলনে যারা শরিক হবেন, আমরা তাদেরকে সহযোগিতা করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯৫৯ ঘ.