ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াণ দিবসে বৃহস্পতিবার বাঙালি নানা অনুষ্ঠানে স্মরণ করেছে তার চেতনা ও প্রেরণার এক অফুরান উৎস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
নোবেলজয়ী প্রথম এই এশীয় ও বাঙালির ৬৯ তম প্রয়াণদিবস ছিল বৃহস্পতিবার।
'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি'- কবিগুরুর এ কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশ। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাও তিনি।
মুক্তিযুদ্ধসহ নিকট অতীতের অনেক সংগ্রামে রবীন্দ্রনাথের লেখনী ও সুর ছিল বাঙালির বড় হাতিয়ার। আবহমান বাংলার প্রকৃতি তার কলমে যে মাধুর্য পেয়েছে তা বিরল। শিল্পের অনেক শাখায় কৃতিত্বের ছাপ রাখা রবীন্দ্রনাথের সমাজচেতনা,দর্শন আর মানবতাবোধের উজ্জ্বলতার আভায় আলোকিত হয়েছে সমকালীন আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলও।
বাইশে শ্রাবণ উপলক্ষে বাংলা একাডেমী আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।
বেতার ও টেলিভিশন চ্যানেলগুলোও এ উপলক্ষে আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।
১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের। ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ৮০ বছর বয়সে মৃত্যু হয় তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১২০০ঘ.
bdnews24