পাবনা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় পাবনায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের তিন নেতা আহত হয়েছেন। এদের একজনের অবস্থা গুরুতর। হামলাকারী সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
জেলা শহরের শালগাড়িয়া এলাকায় ওই হামলা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান সাংবাকিদের জানান, একটি জমির বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কয়েকজন নেতা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।
আহতরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম রব্বানী (৪৫) ও আমিনুল হক টিপু (৪৫) এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
গুরুতর আহত অবস্থায় টিপুকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনায় পর থেকে এলাকায় উত্তেজনা চলছে। পুলিশও মোতায়েন করা হয়েছে।
ওসি জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে তুষার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১০ ঘ.
bdnews24