ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দায়ের করা রিট আবেদনের শুনানি একদিনের জন্য মুলতবি ঘোষণা করেছে হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলামের বেঞ্চ বুধবার দুপুর সোয়া দুইটা পর্যন্ত এ মুলতবি ঘোষণা করেন।
তবে কোকোর আইনজীবী টিএইচ খান ও ব্যারিস্টার মওদুদ আহমেদ মুলতবির বিরোধিতা করেন।
মুদ্রা পাচার মামলাটি অবৈধ ও বাতিল ঘোষণার আবেদন জানিয়ে রোববার কোকোর পক্ষে পাওয়ার অব অ্যাটর্নি অ্যাডভোকেট তৌফিক হাইকোর্টে ওই রিট আবেদন করেন।
সোমবার এর ওপর প্রথম দফা শুনানি হয়। মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছিল।
গত ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার এজাহারে তার বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ দশমিক ১৫ সিঙ্গাপুর ডলার এবং ৯ লাখ ৩২ হাজার ৬৭২ দশমিক ৮১ মার্কিন ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, সিঙ্গাপুরের ব্যাংকে কোকোর হিসাবে বাংলাদেশের কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজ পাওয়ার জন্য বিদেশী কোম্পানির ঘুষের টাকা জমা হয়েছিল।
এ আইনে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
গ্যাটকোসহ কয়েকটি দুর্নীতির মামলার আসামি কোকো চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে সপরিবারে দেশের বাইরে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এএল/এসকে/২০৪৬ঘ.
bdnews24